বিটিসিএলের অস্থায়ী কর্মচারীদের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি স্থায়ী করার দাবিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দিন হাজিরার ভিত্তিকে নিয়োগ করা (মাস্টাররোল) শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতি কর্মবিরতি ও অবস্থান পালন করেছে। ১৮ জানুয়ারি থেকে শুরু করে গতকাল রোববার পর্যন্ত আঞ্চলিক কার্যালয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন অস্থায়ী ভিত্তিতে চাকরিরত ১ হাজার ৮৫৭ জন শ্রমিক-কর্মচারী।
দিন হাজিরার ভিত্তিকে নিয়োগ করা এসব কর্মচারী স্থায়ী নিয়োগের সমস্যা সমাধানের জন্য ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত বিটিসিএলের বিভাগীয় কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। ১৮ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত আঞ্চলিক কার্যালয়ে কর্মবিরতি পালন করেছে সমিতি।
গতকাল রমনা ঢাকার আঞ্চলিক কার্যালয়ের (ডিটিআর দক্ষিণ) সামনের কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমিতির দক্ষিণাঞ্চলের সভাপতি আহাম্মদ নুরুল গনি। কর্মসূচিতে বক্তব্য দেন সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারা। বক্তারা অনতিবিলম্বে দিন হাজিরার ভিত্তিতে নিয়োগ করা শ্রমিক-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের জন্য বিটিসিএল কর্তৃপক্ষ ও সরকারের কাছে জোর দাবি জানান।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, আজ ইস্কাটন গার্ডেনের টেলিযোগাযোগ ভবনের সামনে এবং ঢাকার বাইরে প্রতিটি আঞ্চলিক কার্যালয়ের সামনে কালো ব্যাচ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া ২৭ জানুয়ারি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। ৩০ জানুয়ারির মধ্যে বিটিসিএল কর্তৃপক্ষ ও সরকার স্থায়ী নিয়োগের দাবি মেনে না নিলে ৩১ জানুয়ারি পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি।