বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করতে গতকাল বুধবার রাতে দৈনিক মজুরিতে কাজ করা শ্রমিকদের পিটিয়েছে পুলিশ। চাকরি স্থায়ী করার দাবিতে পুরাতন এলিফ্যান্ট রোডে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালককে সাড়ে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শ্রমিকেরা। গত রোববার থেকে দৈনিক মজুরিতে কাজ করা শ্রমিকেরা নগরের পরিবাগের উল্টো দিকে পুরাতন এলিফ্যান্ট রোডে বিটিসিএল কার্যালয়ের সামনে চাকরি স্থায়ী করার দাবিতে অনড় অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে প্রতিষ্ঠানের এমডি আবু সাঈদ খানের কাছে সমস্যার সমাধান চান তাঁরা। তবে সমস্যা সমাধানের আশ্বাস না দেওয়ায় এমডির কক্ষের সামনে শুয়ে পড়েন ৩৫ শ্রমিক-কর্মচারী। রাত সোয়া নয়টার দিকে রমনা থানার পুলিশ আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের লাঠিপেটা করে। এতে অন্তঃসত্ত্বা কর্মী জেসমিনসহ (৩২) অন্তত ১০ জন আহত হন। এ সময় শ্রমিক-কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠানটির সামনের রাস্তায় এসে ১০-১২টি গাড়ি ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে। এর কিছুক্ষণ পর কর্মীরা আবারও জড়ো হয়ে এমডির দপ্তরের সামনে অবস্থান নেন। রাত সাড়ে ১০টার দিকে এমডিকে উদ্ধার করে।