বিটিসিএলের এমডিসহ ছয়জনকে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ মোট ছয় কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে পৃথকভাবে রুল জারি করেছেন হাইকোর্ট।
আদালত অবমাননার অভিযোগে করা পৃথক আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্টের বেঞ্চ এ রুল দেন। কেন তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
হাইকোর্টের নির্দেশ অনুসরণ না করে ও আরবিট্রেশন চলমান অবস্থায় জমির টেলিকম লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ‘সিগন্যালিং লিংক’ বিচ্ছিন্ন করায় এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ নওফেল আরশাদ জমির আদালত অবমাননার অভিযোগে একটি আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিটিসিএলের তিন কর্মকর্তার প্রতি রুল জারি করা হয়।
ওই তিন কর্মকর্তা হলেন এমডি মাহফুজ উদ্দিন আহমদ, জেনারেল ম্যানেজার এ এ মোহাম্মদ মোয়াসীর ও পরিচালক (ওভারসিজ) মো. জিয়াদুল আনাম। তাঁদের এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
এদিকে হাইকোর্টের নির্দেশ অনুসরণ না করে ৮৮ জন কর্মচারীকে রাজস্ব খাতে না নেওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবের প্রতি রুল জারি করা হয়। দুই সপ্তাহের মধ্যে তাঁদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে ফিরোজা বেগমসহ আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী শফিক আহমেদ ও মাহবুব শফিক।