বিটিসিএলের ওয়ার্কচার্জড শ্রমিকদের অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি জাতীয়করণ, কোম্পানির নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী গ্রেডভুক্তকরণ করে কোম্পানিতে আত্তীকরণ, ৩০০ মাসের আনুতোষিক ভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ, কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন বিটিসিএলের ওয়ার্কচার্জড শ্রমিকেরা।গতকাল সোমবার নোয়াখালী টেলিফোন ভবনে এবং বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্কচার্জড শ্রমিকেরা স্মারকলিপি দিতে গেলে বিভাগীয় প্রকৌশলী তাঁদের সঙ্গে অশোভন আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী সারা দেশের মতো নোয়াখালীতেও ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি সকাল থেকে কর্মবিরতি পালন করেন। পরে তাঁরা নোয়াখালী টেলিফোন ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং মিছিল নিয়ে তাঁরা বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন। সমাবেশ থেকে বিভাগীয় প্রকৌশলী বিকাশ রঞ্জন বৈদ্যকে স্মারকলিপি দিতে গেলে তিনি সিবিএ সভাপতি নেছার আহম্মদের কাছে তা প্রদান করতে বলেন এবং নেতাদের ভেতরে যেতে নিষেধ করেন। এ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সিবিএ সভাপতির বাগিবতণ্ডা হয়। বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে ঢুকতে বাধা দিলে একপর্যায়ে কর্মচারীরা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেখানে অবস্থান ধর্মঘট পালন করেন।ওয়ার্কচার্জড কর্মচারী সমিতির সভাপতি মহিউদ্দিন হেলাল জানান, চাকরি স্থায়ীকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির একটি চিঠি এক সপ্তাহ আগে বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের ডেস্কচার্জে দেওয়া হয়েছে। কিন্তু প্রকৌশলী চিঠির বিষয় অস্বীকার করেন। প্রকৌশলী সব বিষয়ে স্বেচ্ছাচারিতার পরিচয় দেন। বিক্ষোভ মিছিল নিয়ে প্রকৌশলীকে স্মারকলিপি দিতে গেলে তিনি কর্মচারীদের অপমান করেন।এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য গতকাল দুপুর থেকে সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত একাধিকবার বিভাগীয় প্রকৌশলী বিকাশ রঞ্জন বৈদ্যের মুঠোফোন ও ল্যান্ডফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।