বিটিসিএলের এমডিসহ চারজন জামিন পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ থেকে আসা টেলিফোন কলের তথ্য মুছে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এস ও এম কলিম উল্লাসহ চারজনের জামিন হয়নি।

আজ মঙ্গলবার বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি কাশিফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাঁদের জামিন আবেদন উপস্থাপিত হয়নি বলে তা খারিজ করে দেন। অপর তিন আবেদনকারী হলেন এরিকসন বাংলাদেশ লিমিটেডের কন্ট্রাক্ট ম্যানেজার আসিফ জাহিদ চৌধুরী, রিলেশন ম্যানেজার নজরুল ইসলাম ও প্রকৌশলী মাসরুরুল হাকিম।

প্রায় ৬০৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিটিসিএলের সাবেক ও বর্তমান পাঁচ ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ২৩ জনের বিরুদ্ধে গত ২৯ আগস্ট বনানী থানায় চারটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে অবৈধ উপায়ে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের (ভিওআইপি) মাধ্যমে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনা হয়।

আদালতে বিটিসিএলের এমডির পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী জেড আই খান পান্না। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল। 

পরে খুরশীদ আলম খান প্রথম আলো ডটকমকে বলেন, চারটি মামলার মধ্যে নজরুল ইসলাম ও মাশরুরুল হাকিম তিন মামলায় এবং বিটিসিএলের এমডি ও আসিফ জাহিদ একটি মামলায় আগাম জামিনের আবেদন দাখিল করেন। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে জামিন মঞ্জুর করেননি। এসব আবেদন উপস্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন আদালত। 

জেড আই খান পান্না বলেন, ঘটনার সময়কালে কলিম উল্লা বিটিসিএলের এমডি ছিলেন না। তখন তিনি বিটিসিএল বোর্ডের সদস্য ছিলেন। একটি মামলায় তাঁর আগাম জামিন চেয়ে আবেদন করা হয়। কলিম উল্লার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই বলে দাবি করেন তিনি।