বিটিসিএলের জায়গায় আ. লীগের কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটিসিএলের এই খালি জায়গায় তৈরি করা হচ্ছে বনানী থানা আওয়ামী লীগের কার্যালয়।  ছবি: প্রথম আলো
বিটিসিএলের এই খালি জায়গায় তৈরি করা হচ্ছে বনানী থানা আওয়ামী লীগের কার্যালয়। ছবি: প্রথম আলো

মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় বিটিসিএলের জায়গায় বনানী থানা আওয়ামী লীগের কার্যালয় তৈরি করা হচ্ছে। 

গত মঙ্গলবার দেখা যায়, মহাখালীর ওয়্যারলেস গেটে কলম্বিয়া সুপার মার্কেটের সামনের একটি খালি জায়গার চারপাশে ১৪টি বসার আসন। জায়গার মাঝখানে ত্রিপল ও বাঁশ দিয়ে তৈরি ছাউনি। উত্তর কোণে পত্রিকা বিক্রির দোকান। এর পাশে তৈরি হচ্ছে থানা আওয়ামী লীগের কার্যালয়।
কার্যালয়ের দেয়াল তৈরির কাজে নিয়োজিত নির্মাণশ্রমিকেরা জানান, গত ৩০ মার্চ থেকে তাঁরা কাজ করছেন। বাবুল নামের এক ব্যক্তি কাজের তদারক করছেন।
জানতে চাইলে বাবুল বলেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. নাছির দলীয় কার্যালয়টি তৈরি করছেন। তিনি (মো. নাছির) বনানী থানা আওয়ামী লীগের সহসভাপতি। এই জায়গায় তিনি নতুন করে পার্কও তৈরি করবেন।
পরিচয় জানতে চাইলে বাবুল বলেন, তিনি এখানকার কোনো দায়িত্বে নেই। লোকজনের কাছ থেকে এসব কথা শুনেছেন।
ডিএনসিসির ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নাছিরের কার্যালয় ওই জায়গা থেকে প্রায় ২০০ গজ দূরে। মঙ্গলবার সেখানে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই জায়গায় বনানী থানা আওয়ামী লীগের কার্যালয় তৈরি করা হচ্ছে। থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা মিলে এই কার্যালয় তৈরি করছেন। আগেও এখানে দলীয় কার্যালয় ছিল। তবে তা ছিল বেড়া ও ত্রিপল দিয়ে তৈরি। ত্রিপল নষ্ট হয়ে যাওয়ায় এই কার্যালয় তৈরি করা হচ্ছে।
মো. নাছির আরও বলেন, এই জায়গায় বসার পরিবেশ নেই। এ জন্য সুন্দর করে পার্ক তৈরি করা হবে। এটা সরকারি জায়গা হলেও খালি পড়ে থাকতে পারে না। কতগুলো দোকানদার এখানে বসে, ভ্যানগাড়ি রাখে। মানুষজন হাঁটতে পারে না। তিনি নিজের উদ্যোগে এখানে মডেল পার্ক তৈরি করে দিচ্ছেন। এ জন্য দরপত্র আহ্বানের কাজ চলছে।
দলীয় কার্যালয় তৈরির আগে অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে কাউন্সিলর বলেন, দলের লোকেরা তো রাস্তায় বসতে পারেন না। আর তাঁরা স্থায়ীভাবে এখানে বসছেন না। অস্থায়ীভাবে বসবেন। এ ছাড়া বনানী থানা আওয়ামী লীগের কার্যালয় নেই।
কাউন্সিলরের দাবি, জায়গাটি বিটিসিএলের নয়। সরকারি এই জায়গা সিটি করপোরেশন দেখাশোনা করে।
জানতে চাইলে বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী বদরুদ্দোজা আলম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি, জায়গাটি বিটিসিএলের। এখানে একসময় বিটিসিএলের ট্রান্সমিশন অফিসের স্টোর ছিল। স্টোরটি সরিয়ে ফেলার পর জায়গাটি খালি হয়। বহুদিন অব্যবহৃত পড়ে আছে।’
বিটিসিএলের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ প্রথম আলোকে বলেন, বিটিসিএলের ওই জায়গায় কোনো
স্থাপনা নির্মাণের জন্য বিটিসিএল কাউকে অনুমতি দেয়নি। দলীয় কার্যালয় নির্মাণের বিষয়ে জানার পর মঙ্গলবারই সে বিষয়ে আপত্তি জানানো হয়েছে।
এরপর কাজ বন্ধ ছিল। তবে গতকাল আবার বিটিসিএলের লোকজন গিয়ে দেখতে পান, সেখানে কাজ চলছে।
বিটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, জায়গাটি দখলমুক্ত করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।