বিটিসিএলের জায়গায় যুবলীগের কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) গাইবান্ধার ফুলছড়ি উপজেলা এক্সচেঞ্জ কার্যালয়ের জায়গা বেদখল হয়ে গেছে। সেখানে গড়ে উঠেছে যুবলীগের কার্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও সমর্থকেরা প্রভাব খাটিয়ে সরকারি জায়গা দখলে নিয়েছেন।বিটিসিএল গাইবান্ধা কার্যালয় সূত্র জানায়, ১৯৮৯ সালে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে ফুলছড়ি উপজেলা এক্সচেঞ্জের এক একর ১৪ শতাংশ জমির মধ্যে ৭ শতাংশ জমিতে উপজেলা এক্সচেঞ্জের দোতলা একটি ভবনটি নির্মিত হয়। পরের বছর এখানে এক্সচেঞ্জের কার্যক্রম চালু হয়। বর্তমানে এখানে একজন অপারেটর ও একজন লাইনম্যান কর্মরত। এক্সচেঞ্জটির কার্যক্রম শুরুর পর এর আওতায় শতাধিক সংযোগ চালু ছিল। বর্তমানে মাত্র চারটি সংযোগ চালু আছে। কিন্তু কর্তৃপক্ষের গাফিলতির কারণে ১৯৯৮ সাল থেকে এই কার্যালয়ের জায়গা অবৈধভাবে দখল হতে থাকে। ধীরে ধীরে ভবনের চারদিকে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।কার্যালয়ের সামনে উল্লাবাজার-গজারিয়া-খেয়াঘাট সড়ক ঘেঁষে এক্সচেঞ্জের জায়গায় নির্মিত হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান, উপজেলা যুবলীগের কার্যালয় ও চায়ের স্টল। বাকি তিনদিকে এক্সচেঞ্জের জায়গায় নির্মিত হয়েছে বসতবাড়ি।সরেজমিনে দেখা গেছে, উল্লাবাজার-গজারিয়া-খেয়াঘাট সড়কসংলগ্ন এক্সচেঞ্জ ভবন। উঁচু টাওয়ার (অ্যানটেনা) না থাকলে সহজে এর অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না। কারণ, চারদিকের অবৈধ স্থাপনা ভবনটি ঢেকে রেখেছে। ভেতরে কর্মরত এক্সচেঞ্জ অপারেটর আবদুল মান্নান বলেন, সারা দিন লোকজনের আনাগোনা ও হইচইয়ে কাজ করতে সমস্যা হচ্ছে। এ ছাড়া ভবনের পাশে বসতবাড়ির পায়খানা ও গোয়ালঘর নির্মাণ করা হয়েছে। এ কারণে দুর্গন্ধে অফিসে টেকা কঠিন হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মী, সমর্থক ও প্রভাবশালী লোকজন এক্সচেঞ্জ কার্যালয়ের জায়গায় কাঁচা-পাকা ঘর নির্মাণ করেছেন। অবৈধ দখলদার গজারিয়া গ্রামের তোতা মিয়া বলেন, ‘প্রভাব খাটিয়ে সরকারি জায়গা দখলের অভিযোগ ঠিক নয়। জায়গা ফাঁকা থাকায় দোকান নির্মাণ করে হাঁড়িপাতিলের ব্যবসা করছি। সরকার চাইলে ছেড়ে দেব।’ একই গ্রামের প্রভাবশালী আবদুস সামাদ ও আবুল কাশেম প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অনেকে ভোগদখল করছেন, আমরাও করছি। সবাই ছেড়ে দিলে আমরাও দেব।’গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোতোষ রায় বলেন, সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে বিটিসিএল ও স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান প্রভাব খাটিয়ে এক্সচেঞ্জের জায়গায় দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ অস্বীকার করে বলেন, জায়গা ফাঁকা থাকায় সেখানে দলীয় কার্যালয় নির্মাণ করা হয়েছে। এ ছাড়া অনেকে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ করেছে।বিটিসিএল গাইবান্ধা এক্সচেঞ্জের উপসহকারী প্রকৌশলী (টেলিকম-২) শাহ আলম বলেন, যখন যে দল ক্ষমতায় থাকে, অবৈধ দখলদারেরা সেই রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় থাকেন। এ কারণে বিটিসিএল কার্যালয়ের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গেলে বাধা আসে। শেষ পর্যন্ত আর উচ্ছেদ করা হয় না। তার পরও ৭৫ জন অবৈধ দখলদারের তালিকা তৈরি করা হয়েছে। অবিলম্বে উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে।