বিটিসিএল চট্টগ্রামের নন্দনকানন কার্যালয়ের বিভাগীয় প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে করা দুর্নীতির পৃথক দুই মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এ আদেশ দেন। তিন আসামি হলেন নন্দনকানন কার্যালয়ের বিভাগীয় প্রকৌশলী (অভ্যন্তরীণ) প্রদীপ দাশ, প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর হুমায়ুন কবির।
গত ১৭ আগস্ট সাবেক সহকর্মীর কাছ থেকে ঘুষ নেওয়ার সময় দুদকের ফাঁদে ধরা পড়েন বিটিসিএল চট্টগ্রামের নন্দনকানন কার্যালয়ের প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর হুমায়ুন কবির। পরে কার্যালয়ের প্রধান সহকারী ও বিভাগীয় প্রকৌশলীর (অভ্যন্তরীণ) কক্ষের আলমারি ও রেজিস্ট্রার বই তল্লাশি করে নগদ ২ লাখ ৩৪ হাজার টাকা এবং ৮৫ লাখ টাকার সঞ্চয়পত্র জব্দ করা হয়। এ ঘটনায় বিভাগীয় প্রকৌশলী প্রদীপ দাশকেও গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক মানিক লাল দাশ বাদী হয়ে কোতোয়ালি থানায় দুটি মামলা করেন। এর মধ্যে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে ধরা পড়া মো. গিয়াস উদ্দিন ও হুমায়ুন কবিরের বিরুদ্ধে একটি মামলা করা হয়। আর কক্ষ তল্লাশি করে ৮৫ লাখ টাকার সঞ্চয়পত্র ও নগদ ২ লাখ ৩৪ হাজার টাকা উদ্ধারের ঘটনায় করা মামলায় এই দুজনের সঙ্গে প্রদীপ দাশকেও আসামি করা হয়।
দুদকের আইনজীবী হাবিবুর রহমান আজাদ প্রথম আলোকে বলেন, দুর্নীতির দুই মামলায় তিন আসামির জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।