বিটিসিএলের বকেয়া এক মাসের মধ্যে আদায়ের সুপারিশ
সাবেক তার ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি, বর্তমানে বিটিসিএল) সব অনাদায়ী টাকা আগামী এক মাসের মধ্যে আদায়ের সুপারিশ করেছে সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ ছাড়া যেসব খাতে টাকা অনাদায়ী রয়েছে বলে অডিট আপত্তি রয়েছে, তাও দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়।গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বাংলাদেশ ডাক বিভাগ এবং বিটিটিবির ২০০৪-০৫ সালের অডিট আপত্তি নিয়ে আলোচনা করা হয়।কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. আলী আশরাফ, টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, এম কে আনোয়ার, মুহা ইমাজ উদ্দিন প্রামাণিক, খান টিপু সুলতান, আবদুস সালাম, নারায়ণ চন্দ্র চন্দ ও ফরিদা আখতার, ডাক ও টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস, মহাহিসাব নিরীক্ষক আহমেদ আতাউল হাকিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।