বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী আসাদুজ্জামান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) বিভাগীয় প্রকৌশলী এ কে এম আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুদকের কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার গুলশান থেকে পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করেন।আসাদুজ্জামানকে গতকাল বিকেল সাড়ে চারটায় দুদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে সংস্থাটির তদন্তকারী দল।বিটিসিএলের কার্যালয়ে বসে অবৈধ ভিওআইপির অভিযোগে গত ২৬ অক্টোবর ও ৫ নভেম্বর রাজধানীর রমনা থানায় ছয়টি মামলা করেন দুদকের উপপরিচালক এস এম সাহিদুর রহমান। আসাদুজ্জামান এর প্রতিটিতেই আসামি।মামলাগুলোর এজাহারে আসাদুজ্জামানসহ অন্য আসামিদের বিরুদ্ধে বিভিন্ন উপায়ে কোটি কোটি টাকার সরকারি রাজস্ব আত্মসাতে সহায়তার অভিযোগ করা হয়েছে।বিটিসিএলের অনিয়ম নিয়ে দুদকের তদন্তকারী দলের সমন্বয়কারী দুদকের পরিচালক উইং কমান্ডার তাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অবৈধ ভিওআইপির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের ঘটনায় প্রকৌশলী আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।’ তাহিদুল ইসলাম জানান, আজ শুক্রবার আদালত বন্ধ থাকায় তাঁকে অন্তর্বর্তী আদালতে পেশ করে রিমান্ডের আবেদন করা হবে। এজাহারে উল্লেখ করা অভিযোগগুলোর মধ্যে রয়েছে কল ডিটেইল রেকর্ডার (সিডিআর) অকার্যকর রেখে বৈদেশিক কলের ডেটা ধারণ না করা, আগের বহু সিডিআর মুছে ফেলা, বিটিসিএলের কারিগরি সুবিধা অবৈধভাবে ব্যবহার করে বৈদেশিক কল টারমিনেশন, বৈদেশিক ক্যারিয়ারের ভুয়া লোকাল এজেন্টের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া ইত্যাদি। ছয়টি মামলায় মোট ২১০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ার কথা বলেছে দুদক।