বিটিসিএলের ব্রডব্যান্ড সংযোগ নিতে গ্রাহকদের আগ্রহ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক সংযোগ খরচ বেশি হওয়ায় সরকারি ব্রডব্যান্ডের প্রতি আগ্রহ হারাচ্ছে গ্রাহক। সরকারি মালিকানাধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের প্রাথমিক সংস্থাপন মূল্য (ইনস্টলেশন) চার হাজার ৬০০ টাকা। এটাই বাজারের সর্বোচ্চ সংস্থাপন মূল্য। তাই ব্রডব্যান্ড বাজারে বিটিসিএলের ব্যবহারিক মূল্য সবচেয়ে সাশ্রয়ী হওয়া সত্ত্বেও তুলনামূলক হারে গ্রাহক বাড়ছে না। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ব্যবহারিক মূল্য বেশি হলেও সংযোগ খরচ খুবই কম।জানা গেছে, বিটিসিএল পর পর কয়েক দফা সাশ্রয়ী ব্রডব্যান্ড প্যাকেজ ঘোষণা করলেও গ্রাহককে প্রথমেই প্রাথমিক নিবন্ধন ও সংস্থাপন ফিসহ ইন্টারনেট মডেমের দাম বাবদ চার হাজার ৬০০ টাকা গুনতে হয়। অন্যদিকে ওয়াইম্যাক্সের (ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ এক্সেস) মাধ্যমে ইন্টারনেট সুবিধা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান তুলনামূলক কম দামে সংযোগ দিচ্ছে। বাংলালায়নের মডেমসহ অন্যান্য খরচ মাত্র সাড়ে তিন হাজার টাকা এবং অগেরির বিনা মূল্যে সংস্থাপনসহ মডেমের দাম তিন হাজার টাকা। আর মোবাইল অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও সিটিসেল গ্রাহকদের ইন্টারনেট সেবা দিচ্ছে সাড়ে ৭০০ থেকে এক হাজার টাকার মধ্যেই। এদের সংযোগের দামও তুলনামূলক হারে কম। সিটিসেলের জুম পাওয়া যায় দুই হাজার টাকায়, গ্রামীণফোনের মডেম চার হাজার টাকায় এবং বাংলালিংকের মডেমের দাম তিন হাজার ২০০ টাকায়। এসব মডেম কেনার সঙ্গে সাড়ে ৮০০ থেকে এক হাজার টাকার ইন্টারনেট সেবা বিনা মূল্যেই পাওয়া যায়। আর দেশব্যাপী আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) ব্যবসায়ীরা এই সেবা দিচ্ছে আরও কমে, ৩৫০ থেকে ৬০০ টাকায়। এদের সংস্থাপন খরচও এক হাজার (এককালীন খরচ) টাকার বেশি হয় না। এ প্রসঙ্গে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এম খাবীরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের একটি পদক্ষেপ হচ্ছে প্রত্যন্ত এলাকায় ব্রডব্যান্ড পৌঁছে দেওয়া। আমরা পর্যায়ক্রমে ব্যান্ডউইডথের দাম অনেক কমিয়েছি। তবে প্রাথমিক পর্যায়ে মডেম বা সংযোগ খরচ কতটুকু কমানো সম্ভব, তা এখনই বলা যাবে না।’ খাবীরুজ্জামান আরও জানান, এডিএসএলের (এসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন) মাধ্যমে বিটিসিএল গত ১ ডিসেম্বর থেকে চার ধরনের ব্রডব্যান্ড প্যাকেজ চালু করেছে। নতুন প্যাকেজগুলো বেসরকারি ওয়াইম্যাক্স অপারেটরের চেয়ে তুলনামূলক সাশ্রয়ী। আর এ প্যাকেজ ঘোষণার পর গত ডিসেম্বর মাসে গ্রাহক বেড়েছে ১৫৮ শতাংশ।বিটিসিএলের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিটিসিলের ব্রডব্যান্ড গ্রাহকসংখ্যা এক হাজার ৬০০। গত নভেম্বরে নতুন ব্রডব্যান্ড সংযোগ ছিল ৬৯, ডিসেম্বরে হয়েছে ১৭৯, জানুয়ারিতে ২১০ এবং ফেব্রুয়ারিতে ২০০টি নতুন সংযোগ দিয়েছে বিটিসিএল। বিটিসিএলের মাসিক সংযোগসংখ্যা বৃদ্ধির হার তাদের প্রত্যাশার চেয়ে অনেক কম বলে সূত্র জানায়। তবে ডিসেম্বরে কম দামি প্যাকেজ ঘোষণা করায় কিছুটা গ্রাহক বেড়েছে। প্রাথমিক নিবন্ধন ও সংস্থাপন ফি এবং মডেমের দাম কমালে সংযোগের পরিমাণ আরও বাড়বে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। কেননা, এই দুর্মূল্যের বাজারে একজন গ্রাহক প্রথমেই প্রায় পাঁচ হাজার টাকা খরচ করতে আগ্রহী হন না। এস এম খাবীরুজ্জামান জানান, বিটিসিএল এডিসিএলের মাধ্যমে ব্রডব্যান্ড সংযোগ দিতে পারবে ১৮ হাজার। এখন ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। শিগগিরই কুমিল্লা ও রাজশাহীতে এ সেবা দেওয়া হবে। এমএম সিস্টেমস নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান এই এডিএসএল সংযোগ বাজারজাতকরণ ও গ্রাহকসেবা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।