বিটিসিএলের শীর্ষ ৫ কর্মকর্তা বাদে অভিযোগপত্র
প্রায় ৪৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) শীর্ষ ৫ কর্মকর্তাকে বাদ দিয়ে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার কমিশন অভিযোগপত্র অনুমোদন দেয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। এ পাঁচজনই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। তাঁরা হলেন—বিটিসিএলের সাবেক এমডি আবু সাঈদ খান, সাবেক পরিচালক মো. মাহফুজার রহমান, পরিচালক (পরিদর্শন) মো. মাহবুবুর রহমান, উপপরিচালক (বৈদেশিক সংগ্রহ) আবদুল হালিম এবং টেলিটকের ডিজিএম ও বিটিসিএলের প্রাক্তন বিভাগীয় প্রকৌশলী (আইসিটি) এ কে এম আসাদুজ্জামান। মামলায় এজাহারভুক্ত বিটিসিএলের এই পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় অব্যাহতি দেওয়া হয়েছে।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে তাঁরা হলেন—সিঙ্গাপুরের আইপাওয়ার কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডের পরিচালক মাকসুদুল লতিফ মিঠু এবং প্রতিষ্ঠানটির স্থানীয় অংশীদার ও রাজটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসিবুল বাসার।
দুদক সূত্র জানায়, ২০১০ সালের ২০ এপ্রিল থেকে ২০১১ সালের ১৫ অক্টোবর পর্যন্ত আইপাওয়ার কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড জালিয়াতির আশ্রয় নিয়ে বিটিসিএলের ৪৪ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার ১৭৭ টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এ অভিযোগে ২০১২ সালের ৫ নভেম্বর রমনা থানায় বিটিসিএলের জ্যেষ্ঠ ওই পাঁচ কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘ অনুসন্ধান শেষে উপপরিচালক এস এম সাহিদুর রহমান মামলাটি দায়ের করেন।
পরে আরেক উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। দীর্ঘ তিন বছর তদন্ত শেষে বিটিসিএলের ওই শীর্ষ কর্মকর্তাদের বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করে প্রতিবেদন জমা দেন। কমিশন সেটা আমলে নিয়ে এ অভিযোগপত্র অনুমোদন দেয়।
বৈদেশিক কল মুছে ফেলাসহ অন্যান্য দুর্নীতির মাধ্যমে বিটিসিএলের প্রায় ২০৫ কোটি টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগে ২০১২ সালে বিটিসিএলের সাবেক এমডি আবু সাঈদ খানসহ ১৪ জনের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করে দুদক।