বিটিসিএলের সাবেক এমডির দণ্ডাদেশের রায় স্থগিত, জামিন মঞ্জুর
আদালত অবমাননার দায়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস ও এম কলিম উল্লাহর দণ্ডাদেশের রায়ের কার্যকারিতা আট সপ্তাহের জন্য স্থগিত হয়েছে। একই সঙ্গে তাঁর আট সপ্তাহের জামিন মঞ্জুর করে এ সময়ের মধ্যে নিয়মিত আপিল করতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে কলিম উল্লাহর করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
কলিম উল্লাহর আইনজীবী রইস উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের পর কলিম উল্লাহকে কারাগারে পাঠানো হয়। জামিন মঞ্জুর হওয়ায় এখন তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
৪ ডিসেম্বর আদালত অবমাননার দায়ে হাইকোর্ট কলিম উল্লাহর চার মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। আদালত অবমাননার অভিযোগে অক্সিনেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড কোম্পানির করা এক আবেদনের শুনানি শেষে এ রায় দেওয়া হয়। এতে স্থগিতাদেশ চেয়ে কলিম উল্লাহ সোমবার আবেদনটি করেন।
আদালতে তাঁর পক্ষে ছিলেন আইনজীবী মাহমুদুল ইসলাম, শফিক আহমেদ ও রইস উদ্দিন আহমেদ। অক্সিনেল সার্ভিসেসের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক।
অক্সিনেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড কোম্পানি আন্তর্জাতিক ফোন কল আদান-প্রদানকারী একটি প্রতিষ্ঠান। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি বিটিসিএলের সঙ্গে কাজ করছে। বিটিসিএল পাওনা বাবদ অক্সিনেলের কাছে ৬০ লাখ টাকা দাবি করে। চুক্তি অনুসারে আইএফআইসি ব্যাংকে এক কোটি ৪০ লাখ টাকা ব্যাংক গ্যারান্টি ছিল। তখন ৬৮ লাখ টাকা রেখে বাকি টাকা ছাড়ের বিষয়ে নির্দেশনা চেয়ে অক্সিনেল আবেদন করলে গত বছরের ২৩ জুলাই হাইকোর্ট তা মঞ্জুর করেন। এর বিরুদ্ধে আপিল বা রিভিউ করা ছাড়াই গত ৩০ সেপ্টেম্বর অর্থ ছাড়ে আপত্তি জানিয়ে ব্যাংকের কাছে একটি চিঠি দেয় বিটিসিএল। ২৩ জুলাইয়ের আদেশ অনুসরণ না করায় আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করা হয়। গত বছরের ১৪ জানুয়ারি থেকে চলতি বছরের ১৩ জানুয়ারি পর্যন্ত বিটিসিএলের এমডির দায়িত্বে ছিলেন কলিম উল্লাহ।