বিটিসিএলের ২৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৬০৮ কোটি টাকা আত্মসাতের দায়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাবেক ও বর্তমান পাঁচ ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ২৩ জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানী থানায় মামলাগুলো দায়ের করা হয়। দুদকের উপপরিচালক এস এম সাহিদুর রহমান বাদী হয়ে দুটি, মাহমুদ হাসান বাদী হয়ে একটি এবং উপসহকারী পরিচালক রাফি মো নাজমুস সা’দাত বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের (ভিওআইপি) মাধ্যমে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এ মামলায় আসামি বিটিসিএলের পাঁচ এমডি হলেন মো. আবু সাইদ খান (ওএসডি), আজিজুল ইসলাম (ওএসডি), এস এম খবিরুজ্জামান (অবসরপ্রাপ্ত), আফছার আলম (অবসরপ্রাপ্ত) এবং বর্তমান এমডি এস ও এম কলিম উল্লা।

দুদক সূত্র জানায়, ঘটনার সময়কালে কলিম উল্লা বিটিসিএলের এমডি ছিলেন না। সে সময় তিনি বিটিসিএলের সদস্য (মেইনটেন্যান্স ও অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১৪ জানুয়ারি কলিম উল্লাকে ওই পদ থেকে বিটিসিএলের এমডি হিসেবে নিয়োগ দেয় সরকার।

চারটি মামলায় অন্য আসামিরা হলেন এরিকসন বাংলাদেশ লিমিটেডের কন্ট্রাক্ট ম্যানেজার আসিফ জাহিদ চৌধুরী, রিলেশন ম্যানেজার নজরুল ইসলাম, প্রকৌশলী মাসরুরুল হাকিম, সহকারী বিভাগীয় প্রকৌশলী (এডিই) রোনেল চাকমা, মো. বদিউল আলম, বিভাগীয় প্রকৌশলী (ডিই) মো. হাবিবুর রহমান প্রামানিক, জিএম (ওটিআর) আনোয়ারুল মামুন, সদস্য (রক্ষণাবেক্ষণ ও পরিচালনা) প্রকৌশলী মোহাম্মদ তৌফিক, বিভাগীয় প্রকৌশলী (আইটিএক্স) আনোয়ার হোসেন, সহকারী বিভাগীয় প্রকৌশলী (আইটিএক্স) মনীরা বেগম, প্রাক্তন সহকারী বিভাগীয় প্রকৌশলী (আইটিএক্স) সামসাদ মাহমুদ, সাবেক সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) এ এইচ এম বখতিয়ারুল হুদা, সাবেক বিভাগীয় প্রকৌশলী (আইটিএক্স অ্যান্ড ট্রান্সমিশন) জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মোহাম্মদ খোরশেদ হাসান, সহকারী বিভাগীয় প্রকৌশলী মো. আবদুস সালাম, ছাইফুর রহমান ভূঁইয়া, সাবেক সহকারী বিভাগীয় প্রকৌশলী খান মোহাম্মদ কায়সার, সাবেক এডিই/ডিই (অতিরিক্ত দায়িত্ব) (আইটিএক্স অ্যান্ড ট্রান্সমিশন) মো. সাজ্জাত হোসেন এবং সাবেক সহকারী বিভাগীয় প্রকৌশলী মো. মোক্তার আহমেদ।

মোট ৬০৭ কোটি ৫৭ লাখ এক হাজার ৬৩১ টাকা আত্মসাতের দায়ে মামলাগুলো দায়ের করা হয়েছে। ২০০৯ সালের আগস্ট থেকে ২০১২ সালের নভেম্বর পর্যন্ত সময়কালে এই দুর্নীতি সংঘটিত হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

বিদেশ থেকে আসা শত শত কোটি টেলিফোন কলের ডাটা মুছে ফেলার অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে দুদক এদের বিরুদ্ধে আন্তর্জাতিক ডাটা কল মুছে ফেলার অভিযোগ পায়। কিন্তু বিটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তা দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি। এমনকি বিভাগীয় তদন্ত প্রতিবেদনের সুপারিশও তাঁরা বাস্তবায়ন করেননি, বরং তা ধামাচাপা দিয়ে রেখেছেন। মূলত বিটিসিএলের সংশ্লিষ্ট কর্মকর্তারা ভুয়া ক্যারিয়ারের মাধ্যমে অবৈধভাবে কল আদান-প্রদান করার জন্য মহাখালীর আইটিএক্স-৫ এবং আইটিএক্স-৭ ব্যবহার করেছেন।

এ ঘটনায় কমিশনে অনুসন্ধান প্রতিবেদন জমা দেওয়ার প্রায় আট মাস পর মামলা করল দুদক।