বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় প্রসূতিদের হাঁসফাঁস
ফরিদপুর পৌরসভার উদ্যোগে সড়ক সংস্কারের জন্য শহরের মা ও শিশুকল্যাণ কেন্দ্রের সামনে পোড়ানো হচ্ছে বিটুমিন। বিটুমিন পোড়ানোর সময় কালো ধোঁয়া নির্গত হয়। সেই ধোঁয়ার চাদরে হাসপাতালসহ গোটা এলাকা ঢাকা পড়ে। এতে হাসপাতালে আসা প্রসূতিসহ এলাকাবাসীকে শ্বাসকষ্টসহ দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের পৌর এলাকার জেনারেল হাসপাতাল থেকে মা ও শিশুকল্যাণ কেন্দ্র পর্যন্ত দীর্ঘ সড়কটির নাম ব্রাহ্মসমাজ সড়ক। এই সড়কের দক্ষিণ দিকে মাতৃমঙ্গল হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয়সহ বাড়িঘর রয়েছে। বর্তমানে ফরিদপুর পৌরসভার কয়েকটি সড়কের সংস্কারকাজ চলছে। এর জন্য মা ও শিশুকল্যাণ কেন্দ্রের সামনের সড়কেই বিটুমিন পুড়িয়ে কুচিপাথর মেশানোর কাজ করা হচ্ছে। পাথর মেশানো বিটুমিন ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে পৌরসভার বিভিন্ন সড়কের সংস্কারকাজে। মা ও শিশুকল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য পরিদর্শক মমতাজ বেগম বলেন, ‘কালো ধোঁয়ার সঙ্গে প্রচুর কার্বন ডাই-অক্সাইড নির্গত হওয়ায় আমাদের শ্বাসকষ্ট হচ্ছে। এ ছাড়া কেন্দ্রে অবস্থানরত মায়েদের দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।’ ওই এলাকার বাসিন্দা আহমেদ ফিরোজ জানান, গত সোমবার সকাল থেকে সড়কের অর্ধেকের বেশি জায়গাজুড়ে বিটুমিন পোড়ানোর কাজ শুরু হয়েছে। পোড়া বিটুমিনের কালো ধোঁয়ায় ঘরে টেকা দায়। ফরিদপুরের সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার প্রথম আলোকে বলেন, কালো ধোঁয়ার মধ্যে অফিস করা কষ্টসাধ্য হয়ে পড়ছে। এই ধোঁয়া মা ও শিশুকল্যাণ কেন্দ্রে আসা নবজাতকসহ প্রসূতিদের শরীরে তেজস্ক্রিয়তা ছড়িয়ে দেবে। পাশাপাশি শ্বাসকষ্ট দেখা দিতে পারে। ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী বলেন, কাজ করার জায়গার অভাবে ওই সড়কটি ব্যবহার করতে হচ্ছে। তবে প্রসূতি মা ও নবজাতকের কথা বিবেচনা করে বিটুমিন পোড়ানোর জায়গা অন্যত্র সরিয়ে নেওয়া হবে।