বিটুমিনে ঝলসে গেল শিশুর শরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া সড়কে টেম্পোশ্রমিক ও সড়কনির্মাণ শ্রমিকদের মধ্যে সংঘর্ষে শিশুসহ পাঁচজন আহত হয়েছে। এ সময় রাস্তার কাজের জন্য রাখা গরম বিটুমিনে শিশু আকিল হোসেনের (৮) শরীর ঝলসে যায়। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত অপর চারজন হলেন, নির্মাণশ্রমিক মো. আলী (৩০), মো. মনির হোসেন (৩২), মো. জাহাঙ্গীর হোসেন (৩৫) ও মো. বাহাদুর (৪০)। আহত ব্যক্তিদের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সড়ক সংস্কারের কাজে দায়িত্বরত ঠিকাদার আজিজুর রহমান জানান, টেম্পোশ্রমিকেরা তাঁর কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদার টাকা না দেওয়ায় গত বুধবার তাঁরা নির্মাণশ্রমিকদের ওপর হামলা চালান। এদিকে, টেম্পোশ্রমিক অন্তু সিকদার চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে জানান, টেম্পো চলতে বাধা দেওয়ায় সড়কনির্মাণ শ্রমিকদের সঙ্গে তাঁদের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মোহামঞ্চদ গাজ্জালী জানান, ওই দিন সন্ধ্যায় নির্মাণশ্রমিকেরা সড়কে টেম্পো চলতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে টেম্পোশ্রমিকেরা সড়ক সংস্কারে দায়িত্বরত শ্রমিকদের ওপর হামলা চালান। সড়ক সংস্কার কাজের ঠিকাদার আজিজুর রহমান এ ঘটনায় সাতজন টেম্পোশ্রমিককে অভিযুক্ত করে মেহেন্দিগঞ্জ থানায় মামলা করেছেন।