বিটুমিনের অভাবে রাস্তার কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধে সহিংসতার কারণে দুর্ঘটনার আশঙ্কা থেকে বিটুমিন সংগ্রহ বন্ধ রেখেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার সড়ক পিচ ঢালাই করার কাজ প্রায় ২১ দিন ধরে বন্ধ রয়েছে।
করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন ও পরিকল্পনা) মনিরুল হুদা বলেন, ‘অবরোধের সময় বিটুমিন বহনকারী গাড়ি চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাই দুর্ঘটনার আশঙ্কা থেকে বিটুমিন সংগ্রহ বন্ধ রাখা হয়েছে।’
করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, নগরের বিভিন্ন সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কয়েকটি সড়কের সংস্কার ও উন্নয়নকাজ চলছে। আর সড়ক সংস্কারের প্রধান কাঁচামালগুলোর একটি হচ্ছে বিটুমিন। সাধারণত মাসের শুরু ও মাঝখানে দুই দফা বিটুমিন সংগ্রহ করে করপোরেশন। মাসে ৩৫০ থেকে ৪০০ ড্রাম বিটুমিন লাগে করপোরেশনের। এর মধ্যে সর্বশেষ বিটুমিন সংগ্রহ করা হয় গত বছরের ১৮ ডিসেম্বর। সপ্তাহ খানেক পর ওই বিটুমিন শেষ হয়ে যায়। এরপর চলতি মাসে এখন পর্যন্ত এক ড্রামও কেনা হয়নি। এদিকে বিটুমিন না থাকায় সড়কের পিচ ঢালাইয়ের কাজ ২১ দিন ধরে বন্ধ আছে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড থেকে এসব বিটুমিন সংগ্রহ করা হয়।
করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, বিটুমিন না থাকায় শেখ মুজিব সড়কের দেওয়ানহাট থেকে চৌমুহনী অংশ, ফিরোজ শাহ ১ নম্বর সড়ক, হালিশহরের ব্যাপারী পাড়া সড়কসহ ২৩টি সড়ক সংস্কারের কাজ বন্ধ আছে।
গত সোম ও মঙ্গলবার নগরের এম এম আলী সড়ক, মেহেদীবাগ সড়ক, চান্দগাঁও আবাসিক এলাকা সড়ক, সিডিএ অ্যাভিনিউ ও শেখ মুজিব সড়ক ঘুরে দেখা গেছে, এসব সড়ক পিচ ঢালাই না করে ইটের খোয়া ও বালু দিয়ে সংস্কার করে ফেলে রাখা হয়েছে। পিচ না থাকা সড়কের এই অংশে উড়ছে প্রচুর পরিমাণে ধুলাবালু। এতে পথচারী ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মেহেদীবাগ সড়কের দুরবস্থায় রিকশাচালক মোহাম্মদ জয়নাল বলেন, রাস্তা এভাবে ফেলে রাখায় রিকশা চালাতে সমস্যা হচ্ছে।
চাকরিজীবী নজরুল ইসলাম বলেন, ১৫-২০ দিন ধরে সড়ক পিচ ঢালাই না করে ফেলে রাখা হয়েছে। ধুলাবালুর কারণে এখন চলাচলে সমস্যায় পড়তে হয়।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নগরের বিভিন্ন সড়কে প্রায় সময় ওয়াসা, টিঅ্যান্ডটি, গ্যাস, বিটিআরসিসহ বিভিন্ন সংস্থার কাটাকাটি চলে। তাই এসব সড়ক তাৎক্ষণিকভাবে সংস্কারের জন্য বিটুমিনের প্রয়োজন। কিন্তু এখন বিটুমিন না থাকায় নিয়মিত কাজ বন্ধ রয়েছে।