বিটুমিনের বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ জনজীবন
বিটুমিন পোড়ানোর মেশিনের শব্দ ও কালো ধোঁয়ায় ছেয়ে গেছে ফরিদপুর শহরের ব্রাহ্মসমাজ সড়ক। ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে শুরু করে জেলা মা ও শিশুকল্যাণ কেন্দ্র পর্যন্ত সড়কটির দক্ষিণ পাশে এ বিটুমিন পোড়ানো হচ্ছে। এ কারণে ধোঁয়া ও শব্দে ওই এলাকার জনজীবনে বিরাজ করছে এক দুর্বিষহ অবস্থা।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, বিটুমিন যেখানে পোড়ানো হচ্ছে, এর আশপাশে মাতৃমঙ্গল হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, আলাউদ্দিন কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন আবাসিক এলাকা। ব্রাহ্মসমাজ সড়কে বিটুমিন জ্বালিয়ে এর সঙ্গে পাথরকুচি ও বালি মিশিয়ে সড়ক মেরামতের কাজ হচ্ছে। এখান থেকে বিটুমিন জ্বালিয়ে মসলা তৈরি করে নসিমনে নিয়ে যাওয়া হচ্ছে পৌর এলাকার বিভিন্ন সড়কে।জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা খলিলুর রহমান জানান, বিটুমিন পোড়ানোর ধোঁয়া ও শব্দে দূষণজনিত সমস্যার সৃষ্টি হয়েছে। এ কারণে কেন্দ্রের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। ওই এলাকার বাসিন্দা আহমেদ ফিরোজ জানান, গত রোববার থেকে এখানে বিটুমিন পোড়ানো হচ্ছে। এর বিষাক্ত ধোঁয়ার জন্য ঘরে কালি পড়ে যাচ্ছে, কাপড়চোপড় কালো হয়ে যাচ্ছে এবং বিবর্ণ হচ্ছে গাছের পাতা।ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী বলেন, পৌর এলাকার বেশ কিছু সড়কের সংস্কারসহ কার্পেটিংয়ের কাজ চলছে। তবে হাসপাতাল বা লোকালয়ের সামনে বিটুমিন পোড়ানো ঠিক হচ্ছে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারকে সতর্ক করা হবে।