বিড়ি কখনো শিল্প হতে পারে না: গোলাম হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন বলেছেন, ‘বিড়ি কখনো শিল্প হতে পারে না, যা দেহের জন্য ক্ষতিকর। তবে বাংলাদেশে বিড়িকে শিল্প হিসেবে বাণিজ্য চলছে।’

আজ শুক্রবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেল ‘তামাকের ক্ষয়ক্ষতি ও বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে গোলাম হোসেন এসব কথা বলেন। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, তামাককে নিরুত্সাহিত করার জন্য প্রতিবছরই তামাকের ওপর কর বাড়ানোর চেষ্টা করা হয়। তবে এ ক্ষেত্রে রাজনীতিবিদদের শক্ত হতে হবে।
গোলাম হোসেন বলেন, এবার প্রায় ৯০ জন সাংসদ তামাকের ওপর কর বৃদ্ধি না করতে লিখিতভাবে জানিয়েছেন। কারণ অনেক সাংসদের এলাকায় সাধারণ মানুষ বেকার হয়ে পড়বে।
তামাক ব্যবহারের পরিণতি হিসেবে প্রতিবছর বাংলাদেশে ৩০ বছরের বেশি বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে ৫৭ হাজার লোক মারা যায় উল্লেখ করে রফিক-উল হক বলেন, তামাকজাত দ্রব্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি কর বৃদ্ধির একটি নীতিমালা প্রণয়ন করতে হবে।
বাজেটে বিড়ি-সিগারেটসহ সব তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর দাবি জানিয়েছেন মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) প্রতিষ্ঠাতা সভাপতি অরুপ রতন চৌধুরী। তিনি বলেন, ‘বিশ্বে সবচেয়ে কম মূল্যের তামাক পাওয়া যায় বাংলাদেশে। এ দেশে এক টাকায় তিনটি বিড়ি পাওয়া যায়। অথচ এত সস্তায় একটা কলা পাওয়া যায় না।’ সিগারেটের ১০ শলাকার প্রতি প্যাকেটের ওপর ৩৪ টাকা হারে এবং ২৫ শলাকার এক প্যাকেট বিড়ির উপর ৪ দশমিক ৯৬ টাকা হারে একক কর আরোপ করার দাবি করেন তিনি।
অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, তামাক নিরুত্সাহিত করতে গণমাধ্যম বিজ্ঞাপন প্রচার করে না। তাই সমাজের ক্ষতিকর দিক বিবেচনা করে তামাকের ওপর কর বৃদ্ধি করা উচিত। এতে করে সরকারের রাজস্ব আয় বাড়বে, ভর্তুকি কমবে স্বাস্থ্য ও পরিবেশ খাতে।