বিডি পুলিশ হেল্পলাইন নামে নতুন অ্যাপস উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিডি পুলিশ হেল্পলাইন’ নামে নতুন মুঠোফোন অ্যাপস উদ্বোধন করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠানে এই অ্যাপস উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আইজিপি বলেন, এর মাধ্যমে পুলিশের কার্যক্রম গতিশীল হবে ও স্বচ্ছতা নিশ্চিত হবে। তিনি বলেন, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল অ্যাপস থেকে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন এবং শিগগির এর আইওএস সংস্করণ চালু হবে।
আইজিপি বলেন, এই অ্যাপসে কোনো তথ্য ওসির কাছে এলে (মহানগর ছাড়া) এ তথ্য সংশ্লিষ্ট সার্কেল পুলিশ সুপার, পুলিশ সুপার, উপমহাপরিদর্শক ও পুলিশ সদর দপ্তরে আসবে। একইভাবে মহানগর এলাকায় কোনো অভিযোগ করা হলে তা সংশ্লিষ্ট ওসি, জোনাল এসি, উপকমিশনার, পুলিশ কমিশনার ও পুলিশ সদর দপ্তরে আসবে। এতে ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অভিযোগের তদারক করতে পারবেন। অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সেটিও সংশ্লিষ্ট ওসি এই অ্যাপসের মাধ্যমে জানিয়ে দেবেন। ব্যবহারকারীরা বেনামে অথবা নির্দিষ্ট নাম ও পাসওয়ার্ড ব্যবহার করেও অ্যাপসটি ব্যবহার করতে পারবেন।