বিডি ফুডসের চেয়ারম্যানকে অব্যাহতির আদেশ কেন অবৈধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে ২১ কেজি হেরোইন পাচারের মামলায় বিডি ফুডসের চেয়ারম্যান বদরুদ্দোজা মোমিনকে অভিযোগ থেকে অব্যাহতির আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অভিযোগ গঠনের বিরুদ্ধে এক আসামির আবেদনের শুনানিকালে স্বতঃপ্রণোদিত রুল জারির পাশাপাশি এ আদেশ দেন। আদেশে বলা হয়, আত্মসমর্পণ করলে সন্তুষ্টি সাপেক্ষে বিচারিক আদালত বদরুদ্দোজা মোমিনকে জামিন দিতে পারবেন। তাঁকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া অভিযোগ গঠনের বিরুদ্ধে ওই আবেদনকারী বিডি ফুডসের কর্মচারী নাজমুল হায়দার ওরফে বুলবুলের আবেদনটি উপস্থাপিত হয়নি বিবেচনায় তা খারিজ করে দিয়েছেন আদালত।
আদালত সূত্র জানায়, লন্ডনে শাক-সবজি ও টাইলস রপ্তানির আড়ালে ৭৫ কেজি হেরোইন পাচারের ঘটনায় দুটি মামলা হয়। ২১ কেজি হেরোইন পাচারের ঘটনায় ২০০৬ সালের ২১ এপ্রিল মতিঝিল থানায় এবং ৫৪ কেজি হেরোইন পাচারের ঘটনায় ওই বছরের ৬ মে সূত্রপুর থানায় মামলা হয়।
মামলার আইনজীবী সূত্রে জানা যায়, মতিঝিল থানায় করা মামলায় ২০১২ সালের ২৬ মে মোমিনসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। মোমিনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৬ ডিসেম্বর তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। কাজী জাফর রেজা নামের আরেকজনকে গত ৭ এপ্রিল অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে গত বছরের ৩ জুন ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে অভিযোগ গঠনের বিরুদ্ধে অব্যাহতি চেয়ে হাইকোর্টে আবেদন করেন নাজমুল হায়দার ভূঁইয়া ওরফে বুলবুল।
আদালতে বুলবুলের পক্ষে শুনানি করেন আইনজীবী খায়রুল আলম পিপুল। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ ও মো. আসাদুজ্জামান।
খায়রুল আলম পিপুল পরে ‘প্রথম আলো’কে বলেন, সাড়ে ২১ কেজি হেরোইন পাচারের অভিযোগ মতিঝিল থানায় করা ওই মামলায় মোমিনকে অব্যাহতি দেন ঢাকার বিশেষ জজ আদালত-৮। কোম্পানির মালিক মোমিনের অব্যাহতির পর আবেদনকারীর (কর্মচারী বুলবুল) বিরুদ্ধে অভিযোগ গঠন কেন বেআইনি ঘোষণা করা হবে না, এমন আরজি জানিয়ে আবেদনটি করা হয়। শুনানিকালে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল দিয়ে মোমিনকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন।