বিডিআর নির্যাতনের অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের ‘গণবিচার’ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগের সত্যতা যাচাইয়ে ‘গণতদন্ত কমিটির’ মাধ্যমে অথবা ‘বিচারবিভাগীয়’ তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে হান্নান শাহ এ দাবি জানান। ‘পদ্মা সেতু কেলেঙ্কারি, দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে’ এই মানববন্ধনের আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।হান্নান শাহ বলেন, ‘বিডিআর বিদ্রোহের বিচারপ্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত প্রতিবেদন সরকার প্রত্যাখ্যান করেছে। কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি, তা সরকারের বক্তব্যের বিপরীত। কিছুদিন আগে আমি কাশিমপুর কারাগারে ছিলাম। সেখানে স্বচক্ষে দেখেছি, কীভাবে বিডিআর জওয়ানদের ডান্ডাবেড়ি পরিয়ে রাখা হয়েছে।’ তাঁর দাবি, একটি নিরপেক্ষ তদন্ত হলে বিষয়টি বেরিয়ে আসবে। এ জন্য তিনি বিচারবিভাগীয় বা গণতদন্ত কমিটি গঠন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ গত বুধবার ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ-পরবর্তী নিরাপত্তা হেফাজতে মৃত্যু, নির্যাতন ও অবিচার সম্পর্কিত ‘ভয় আমার পিছু ছাড়ছে না’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। তাতে বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িত সন্দেহে আটক জওয়ানদের ওপর ব্যাপকহারে নির্যাতন ও গণহারে অন্যায্য বিচারের অভিযোগ তুলেছে সংস্থাটি।