বিডিআর-বিএসএফ আলোচনা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ সোমবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক। এতে যোগ দিতে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামের নেতৃত্বে ১৯ সদস্যের বিডিআর প্রতিনিধিদল গতকাল রোববার নয়াদিল্লিতে পৌঁছেছে।বিএসএফের মহাপরিচালক রমন শ্রীভাস্তভা গতকাল নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে বিডিআরের প্রধানকে স্বাগত জানান।সূত্র জানায়, দুই দেশের মহাপরিচালক পর্যায়ের এই বৈঠকে দীর্ঘ চার হাজার কিলোমিটার সীমান্তজুড়ে আন্তসীমান্ত সন্ত্রাস, চোরাচালান, নারী ও শিশু পাচার ইত্যাদি সীমান্ত অপরাধ বিষয়ে আলোচনা হবে।বিএসএফের একজন কর্মকর্তা বলেন, আন্তসীমান্ত সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে প্রতিরোধ, নারী-শিশু ও নিষিদ্ধ পণ্য পাচার, সীমান্ত খুঁটির (পিলার) যৌথ ব্যবস্থাপনা, সীমান্তের শূন্য রেখা থেকে ১৫০ মিটারের মধ্যে বেড়া নির্মাণ, সীমান্ত পথে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য পাচার, অবৈধ প্রবেশ, সীমান্তে যৌথ টহল ও চোরাচালানের মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।আলোচনায় ভারতীয় পক্ষে নেতৃত্ব দেবেন বিএসএফের মহাপরিচালক রমন শ্রীভাস্তভা এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। এ ছাড়া বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে রয়েছেন বিডিআর সদর দপ্তরের পরিচালক-প্রশিক্ষণ, সেক্টর কমান্ডাররা, নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একজন পরিচালক, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ যৌথ কমিশনের প্রতিনিধিরা।