বিডিআর-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক শুরু আজ
সীমান্তে নিরপরাধ লোকজনের প্রাণহানি বন্ধ, অনুপ্রবেশ রোধ এবং সন্ত্রাসী ও অপরাধীদের তৎপরতা বন্ধে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আজ বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে বিডিআর-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক। বিডিআর সদর দপ্তর পিলখানায় এ বৈঠক চলবে।পাঁচ দিনের বৈঠকে বাংলাদেশের ২২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিডিআর মহাপরিচারক মেজর জেনারেল এম রফিকুল ইসলাম। ভারতের ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকছেন বিএসএফ মহাপরিচালক রমণ শ্রীবাস্তব। বৈঠকে যোগ দিতে রমণ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন দলটি গতকাল বিকেলে ঢাকায় এসেছে।বিডিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তে বিএসএফের বাংলাদেশের নাগরিকদের হতাহতের প্রসঙ্গ ছাড়াও সীমান্তে অনুপ্রবেশ ও জোর করে বাংলাদেশের জমিতে আবাদের অপপ্রয়াস এবং ভারতীয় নাগরিকেরা বাংলাদেশিদের অপহরণের যে অপতৎপরতা চালায়, সে বিষয়গুলোতে বৈঠকে আলোচনা হবে। এ ছাড়া ফেনসিডিল, গাঁজাসহ সীমান্তে বিভিন্ন মাদকের চোরাচালান রোধ, সীমান্তের দেড় শ গজের মধ্যে সব ধরনের নির্মাণকাজ বন্ধ, অপরাধী ও সন্ত্রাসীদের অপতৎপরতা রোধে উদ্যোগ গ্রহণসহ দুই পক্ষের সহযোগিতা বাড়ানোর বিষয়ে সীমান্তরক্ষী বাহিনীর প্রধানেরা আলোচনা করবেন। ২৭ সেপ্টেম্বর সকালে আলোচনার ‘যৌথ সম্মত’ ঘোষণা সইয়ের পর পাঁচ দিনের বৈঠক শেষ হবে।