বিডিআর-বিএসএফের প্রীতি ভলিবল খেলা
বাংলাবান্ধা স্থলবন্দর মাঠে গতকাল বুধবার বিকেলে বিডিআর-বিএসএফের মধ্যে প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিডিআর-বিএসএফের মধ্যে সীমান্তে সহাবস্থান, ভ্রাতৃত্ববোধ ও সৌহাদ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই এই প্রীতি ভলিবল খেলার আয়োজন করা হয়। এতে বিডিআর ৩-২ সেটে বিএসএফকে পরাজিত করে।ভারতের ফুলবাড়ী সীমান্তের বিপরীতে বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের ভেতর খেলা অনুষ্ঠিত হয়। মাঠটি নানা রঙের পতাকা দিয়ে সাজানো হয়। মাঠের পাশে বিডিআর-বিএসএফের পতাকা ও দুই দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেল তিনটায় খেলা শুরু হয়। এর আগে বেলা সোয়া দুইটায় কিসানগঞ্জ সেক্টরের ডিআইজি এমএফ খানের নেতৃত্বে ৫০ সদস্যের বিএসএফের একটি দল বাংলাবান্ধা জিরোপয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল মো. খায়রুজ্জামান ও দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল সালেহ আহমেদ তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান। খেলা শুরুর আগে দুই দেশের কমান্ডারেরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এরপরই দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। এস এম শামীম আম্পায়ার এবং আমিনুল ও আনিছ লাইন জাজের দায়িত্ব পালন করেন। খেলা শেষে বিএসএফের কিসানগঞ্জ সেক্টরের ডিআইজি এম এফ খান ও রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল খায়রুজ্জামান খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।