বিডিআর বিদ্রোহের মতো ঘটনা যেন না ঘটে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল পিলখানায় বিজিবির কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দেন     l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল পিলখানায় বিজিবির কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

২০০৯ সালের বিডিআর বিদ্রোহের মতো ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া বিদ্রোহ এ বাহিনীর ইতিহাসে একটি কালো অধ্যায়।
রাজধানীর পিলখানায় গতকাল রোববার বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস-২০১৫ উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর ইউএনবি ও বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায় বিজিবি এখন কলঙ্কমুক্ত এবং একটি গতিশীল ও আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে। এই বাহিনীর সব সদস্যের কঠোর পরিশ্রমে বাহিনীর সুনাম ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, জাতি গঠনমূলক কর্মকাণ্ড এবং বেসামরিক প্রশাসনকে সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে এই বাহিনী আগের চেয়ে অনেক বেশি সফল ভূমিকা পালন করছে।
প্রধানমন্ত্রী বলেন, সীমান্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে বিজিবির সদস্যরা আগের চেয়ে অনেক বেশি সফলতা দেখিয়েছেন। ফলে চোরাচালান, মাদক পাচার, নারী-শিশু পাচার ও সীমান্ত অপরাধ অনেক কমে এসেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের ফলে সীমান্তে নিহতের ঘটনা কমে এসেছে। এ ছাড়া কোনো কারণে বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক আটক হলে অধিকাংশ ক্ষেত্রেই বিএসএফের সঙ্গে যোগাযোগ করে দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী গতকাল বিজিবি সদর দপ্তরে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ তাঁকে স্বাগত জানান।
দিবসটি উপলক্ষে বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে আকর্ষণীয় কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিরোধীদলীয় নেতা, সংসদ সদস্যরা, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বিজিবির বিভিন্ন কর্মকাণ্ডে সাহসিকতা, উৎকর্ষমূলক অবদানের জন্য ১০ জন বিজিবি সদস্যকে বিজিবি পদক (বিজিবিএম), ২০ জন বিজিবি সদস্যকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১০ জন বিজিবি সদস্যকে বিজিবি মেডাল-সার্ভিস (বিজিবিএমএস) এবং ২০ জন বিজিবি সদস্যকে পিবিজিএমএস-সার্ভিস (পিবিজিএমএস) প্রদান করেন।
প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও ও খাগড়াছড়িতে বিজিবির ৫০ শয্যাবিশিষ্ট নবনির্মিত হাসপাতালগুলো উদ্বোধন করেন। এ ছাড়া তিনি সীমান্ত ব্যাংকের লোগো অবমুক্ত করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ সময় বিজিবির মহাপরিচালকের হাতে সীমান্ত ব্যাংকের অনুমতিপত্র হস্তান্তর করেন। পরে প্রধানমন্ত্রী বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি দরবার হলে ভাষণ দেন।