বিডিআর বিদ্রোহের ঘটনায় বেসামরিক আদালতে দায়ের করা ৯০ শতাংশ রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার করা হবে। এতে করে এ মামলায় অভিযুক্ত জওয়ানরা অন্য মামলায় না জড়ালে মুক্তি পাবেন এবং চাকরিতে ফিরে যাবেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল রফিকুল ইসলাম গতকাল চট্টগ্রামের বাইতুল ইজ্জতে অবস্থিত প্রশিক্ষণকেন্দ্রে বিজিবির ৭৮তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজে এ কথা বলেন। সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ও স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মহাপরিচালক সাংবাদিকদের বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কেউ বিশেষ আদালতে সাজাপ্রাপ্ত হলে তাঁকে সাজা ভোগ করতে হবে। এ হিসাবে প্রায় ৯০ শতাংশ রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে জানানো হবে। সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।মহাপরিচালক বলেন, বিডিআর আইনের সীমাবদ্ধতার কারণে কর্মকর্তা পর্যায়ের উপসহকারী পরিচালক (ডিএডি), সহকারী পরিচালকদের (এডি) বিশেষ আদালতে বিচারে আনা যায়নি। তাঁদের এবং ঘোরতর অপরাধে অভিযুক্তদের সাধারণ (সিভিল) আদালতে বিচার করা হবে। পিলখানার মামলা শেষ হলে সদর দপ্তরে নৃশংসভাবে বিদ্রোহে জড়িত ১৩, ২৪, ৩৬ ও ৪৪ রাইফেল ব্যাটালিয়ন বিলুপ্ত করা হবে বলে তিনি জানান।বিডিআরের মহাপরিচালক বলেন, বাঘাইহাটে ব্যাটালিয়ন হলে সেখানকার সেনাবাহিনীর ক্যাম্প পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। এ ছাড়া নতুন করে চারটি সেক্টর ও পার্বত্য চট্টগ্রামে চারটি ব্যাটালিয়নসহ ১২টি নতুন ব্যাটালিয়ন গঠন করা হবে। প্রশিক্ষণ শেষ করা প্রায় এক হাজার বিজিবির নবীন সৈনিকের মধ্যে লেলিন চাকমা সব বিষয়ে ‘শ্রেষ্ঠ রিক্রুট’ হিসেবে পুরস্কার লাভ করেন।