বিডিআর বিদ্রোহ মামলার আরেক আসামির মৃত্যু
বিডিআর-বিদ্রোহ মামলার আরেক আসামির মৃত্যু হয়েছে। আবুল কালাম আজাদ নামের ওই আসামি গাজীপুর সদর উপজেলার কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগারে গত শনিবার ভোরে মারা যান। আজাদ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার রুটি গ্রামের মৃত আজগর আলীর ছেলে। তিনি বিদ্রোহের সময় পিলখানার সদর ব্যাটালিয়নের তৎকালীন বিডিআরের (বর্তমানে বিজিবি) হাবিলদার ছিলেন। কারাগার সূত্র জানায়, আজাদ গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হূদেরাগে আক্রান্ত হন। প্রথমে তাঁকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে পরে আজাদকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজাদের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগারের উপকারারক্ষক মো. মুশফিকুর রহমান।বিডিআর বিদ্রোহের ঘটনায় ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে আজাদ গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়ার পর প্রথমে ঢাকার কেন্দ্রীয় কারাগারে থাকলেও ২০১১ সালের ৪ জানুয়ারি তাঁকে কাশিমপুরে স্থানান্তর করা হয়। এর আগেও কাশিমপুর কারাগারে হূদেরাগে আক্রান্ত হয়ে কয়েকজন বিডিআর সদস্যের মৃত্যুর ঘটনা ঘটে।