বিডিআর বিদ্রোহ মামলার আসামি হাসপাতালে মারা গেছেন
বিডিআর বিদ্রোহের মামলার আসামি নজরুল ইসলাম (৫০) গত মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) কারাকক্ষে মারা গেছেন। তিনি খুলনার ২৩ ব্যাটালিয়নের নায়েব সুবেদার হিসেবে কর্মরত ছিলেন। কারাগার সূত্র জানায়, নজরুল ইসলাম গত ডিসেম্বরে অসুস্থ হয়ে পড়েন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে তাঁকে বিএসএমএমইউর কারাকক্ষে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নজরুল ইসলাম কিডনির সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। এ ব্যাপারে শাহবাগ থানায় অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের উপস্থিতিতে পুলিশ তাঁর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নজরুল ইসলামের গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদে। তাঁর বাবার নাম নুরুল হক।