বিডিআর বিদ্রোহ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
বিডিআর বিদ্রোহ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার দুপুর পৌনে ১২টায় তিনি মারা যান।
মারা যাওয়া ব্যক্তির নাম শাহি আক্তার (৫০)। তিনি কেরানীগঞ্জে স্থানান্তরিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী (নম্বর-১৬০৮/এ) ছিলেন। শাহি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বড়ইবাড়ি গ্রামের রহিজউদ্দিনের ছেলে।
শাহি আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ জানান, শাহি আক্তার দীর্ঘদিন ধরে কারাগারে অসুস্থ ছিলেন। তাঁকে বিভিন্ন সময়ে চিকিৎসাও দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে আজ দুপুর পৌনে ১২টায় তিনি মারা যান।
জানা গেছে, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ভজন বিশ্বাস লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআরের (বর্তমানে বিজিবি) বিদ্রোহী জওয়ানেরা নৃশংসভাবে হত্যা করে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে। এ মামলায় হাইকোর্ট ১৩৯ জনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন। যাবজ্জীবন বহাল আছে ১৮৫ জনের এবং বিভিন্ন মেয়াদে সাজা বহাল রয়েছে ২০০ জনের।