বিডিআর বিদ্রোহ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
বিডিআর বিদ্রোহ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি কারা হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে মারা গেছেন।
মৃত এ আসামির নাম ওমর ফারুক (৭২)। তৎকালীন বিডিআরের (বর্তমানে বিজিবি) হাবিলদার ছিলেন তিনি। বিডিআর বিদ্রোহ মামলায় যাবজ্জীবন সাজা হওয়ার পর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুভাষ কুমার ঘোষ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ৯ জানুয়ারি ওমর ফারুক ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) করেন। এ সময় তাঁকে কারা হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
সুভাষ কুমার ঘোষ বলেন, ওমর ফারুক উচ্চ রক্তচাপের পাশাপাশি হৃদ্রোগে ভুগছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ সদরের গয়লা এলাকায়। হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে আজ তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউমার্কেট থানা–পুলিশ জানায়, ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় ওমর ফারুকের বিরুদ্ধে এই থানায় বিস্ফোরক উপাদানাবলি আইনে মামলা হয়েছিল। বিদ্রোহের ওই ঘটনায় ৫৭ সেনাকর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।