২২ রাইফেল ব্যাটা-লিয়নে (বিডিআর) বিদ্রোহ মামলার অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিযোগের ওপর শুনানি ও চারজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রধান কার্যালয় যশোর সদর উপজেলার ঝুমঝুমপুরে বিশেষ আদালত (নম্বর-১২) বসিয়ে বিচার কার্যক্রম চালানো হচ্ছে। গত ২৭ অক্টোবর থেকে এই বিচার কার্যক্রম শুরু হয়।আদালতে সভাপতির দায়িত্বে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। বিচারকাজে সহযোগিতার জন্য লেফটেন্যান্ট কর্নেল গাজী খালিদ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলামকে সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।মামলার প্রধান কৌঁসুলির দায়িত্বে রয়েছেন ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসিব আলম।দিনব্যাপী মামলার শুনানি ও সাক্ষীদের কাছে আসামিদের জেরার পর অধিনায়ক হাসিব আলম গতকাল বিকেলে সংবাদ ব্রিফিংয়ে জানান, ২২ ব্যাটালিয়নে বিদ্রোহ করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির জন্য ব্যাটালিয়নের ৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগের ওপর শুনানির পর আসামিরা সবাই নিজেদের নির্দোষ দাবি করেন। এরপর মামলার ২৭ জন সাক্ষীর মধ্যে চারজনের বক্তব্য আদালতে পেশ করা হয়। এ সময় আসামিরা সাক্ষীদের ব্যাপক জেরা করেন। সাক্ষীরা আসামিদের জেরার উত্তর দেন। মামলার অভিযুক্ত ৬৪ জনকেই আদালতে হাজির করা হয়।বিচারক এহিয়া আজম খান আজ বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন।