বিডিআর বিদ্রোহীদের পালাতে কারা সাহায্য করেছিল, তা আপনারা জানেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে করা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের পালিয়ে যেতে কারা সাহায্য করেছিল, এটা আপনারা জানেন। এদের আইনি সহায়তা কারা দিচ্ছে, তাও আপনারা জানেন।’গতকাল শনিবার বিকেলে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বিডিআর বিদ্রোহের দিন যারা হত্যাকাণ্ড চালিয়েছিল, তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হয়েছে। তাদের বিচার অবশ্যই হবে।বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী তাঁর আধা ঘণ্টার বক্তব্যে বলেন, ‘খালেদা জিয়া জাতির পিতার হত্যাকারীদের রক্ষা করতে চেয়েছিলেন, পারেননি। এখন যুদ্ধাপরাধী, মানবতাবিরোধীদের বিচারকাজ শুরু হয়েছে। তাদেরও রক্ষা করতে পারবেন না। যারা ’৭১ সালের স্বাধীনতাযুদ্ধে মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, অগ্নিসংযোগ করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে।’কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান। জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দলের নেত্রী মুখে বলেন তাঁরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। অপরদিকে আমাদের ল্যাংড়া-লুলা করে দেওয়ার কথা বলেন।’ প্রধানমন্ত্রী বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘রাজনীতি কীভাবে করতে হয়, সহনশীলতা ও গণতন্ত্রের প্রতি আস্থা কীভাবে রাখতে হয়, আওয়ামী লীগের কাছ থেকে সেই শিক্ষা নিন।’স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গোপসাগর মোহনার রামনাবাদ চ্যানেলের চাড়িপাড়ায় দেশের তৃতীয় সমুদ্রবন্দর এবং জাহাজমারার চরে জাহাজভাঙা ও নির্মাণশিল্প করা যায় কি না, তার সমীক্ষা চলছে। আমাদের সরকারের পরিকল্পনা রয়েছে রাঙ্গাবালীর নিকটবর্তী সোনারচর, সেই সঙ্গে পটুয়াখালীর সমুদ্রসৈকত কুয়াকাটা, বরগুনার পাথরঘাটা, তালতলীকে যুক্ত করে বিশেষ পর্যটন জোন হিসেবে গড়ে তোলার। পটুয়াখালীতে একটি মেডিকেল কলেজ, বাউফলে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট, লোহালিয়া, লেবুখালী ও বগা নদীর ওপর সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’কুয়াকাটা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা দুইটা ৫০ মিনিটে হেলিকপ্টারে করে খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্মিত হেলিপ্যাডে এসে নামেন। সেখান থেকে বেলা তিনটা পাঁচ মিনিটে সরাসরি জনসভার মঞ্চে চলে আসেন। এরপর জনসভাস্থল থেকে কলাপাড়া-কুয়াকাটা সড়কের আন্ধারমানিক নদের ওপর শেখ কামাল সেতু, হাজিপুরে সোনাতলা নদীর ওপর শেখ জামাল সেতু, মহিপুর-আলীপুরে শিববাড়িয়া নদীর ওপর শেখ রাসেল সেতুর ভিত্তিপ্রস্তর এবং কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন।এর আগে প্রধানমন্ত্রী কুয়াকাটায় ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কুয়াকাটায় কোনো সভা না থাকলেও জনসমাগম দেখে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট চত্বরে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপর প্রধানমন্ত্রী বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীন যুব পান্থনিবাসের উদ্বোধন এবং যুব পান্থনিবাস চত্বর থেকে নবগঠিত কুয়াকাটা পৌরসভা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।প্রথম আলোর গলাচিপা প্রতিনিধি জানান, বেলা ১১টায় রাঙ্গাবালী উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। বিপুল জনসমাগমের কারণে মতবিনিময় সভা কার্যত জনসভায় পরিণত হয়।এর আগে প্রধানমন্ত্রী রাঙ্গাবালী নতুন উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।