বিডিআর বিদ্রোহের পর সরকারের ভাগ্য নিয়ে শঙ্কিত ছিলেন শেখ হাসিনা
২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে বিডিআর বিদ্রোহের ঘটনার পর নিজ সরকারের ভাগ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্রোহের সপ্তাহ দুয়েক পর ১২ মার্চ এক সাক্ষাতের সময় শেখ হাসিনার মধ্যে এমন শঙ্কিত ভাবই খুঁজে পেয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। উইকিলিকসের মাধ্যমে ফাঁস হওয়া মার্কিন দূতাবাসের গোপন তারবার্তায় এ কথা বলা হয়েছে।তারবার্তায় বলা হয়, রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিকে শেখ হাসিনা বলেন, তাঁর বিশ্বাস, বিডিআর বিদ্রোহ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের ফাঁদেরই অংশ। তবে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, এ ব্যাপারে তখন পর্যন্ত তাঁর হাতে কোনো শক্ত সাক্ষ্যপ্রমাণ নেই।রাষ্ট্রদূতের সঙ্গে আলাপে ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা না করে ২৫ ফেব্রুয়ারিতেই বিদ্রোহ দমনে পিলখানায় সেনাবাহিনী পাঠালে রক্তপাত এড়ানো যেত, কারও কারও এ ধরনের দাবি জোরের সঙ্গে প্রত্যাখ্যান করেন শেখ হাসিনা। হাসিনা বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এবং বেশ কয়েকজন সেনা কর্মকর্তাসহ অনেকে বলেছিলেন, সেনাবাহিনী এক ঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে পারত। এতে অনেকের জীবন বাঁচানো যেত। কিন্তু ওই সময়ের মধ্যে সেনাবাহিনীর পক্ষে ট্যাংক ও সাঁজোয়া যানের মতো অস্ত্র-সরঞ্জাম পৌঁছানো সম্ভব হতো কি না, এ নিয়ে তাঁর জোরালো সন্দেহ আছে। শেখ হাসিনা বলেন, তাঁর ধারণা, খালেদা জিয়া ও এইচ এম এরশাদ এই বিদ্রোহকে পুঁজি করে নিজেদের অবস্থান শক্তিশালী করতে এবং তাঁকে (শেখ হাসিনা) দুর্বল করতে চেয়েছিলেন।বার্তার টীকায় রাষ্ট্রদূত উল্লেখ করেন, যেসব ইঙ্গিত পাওয়া গেছে, তাতে মনে হয়েছে, বিদ্রোহ শুরুর প্রথম দুই ঘণ্টার মধ্যেই সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল।রাষ্ট্রদূত মরিয়ার্টি তারবার্তায় লেখেন, ‘আমরা আজ যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষা ৎ করলাম, তিনি ছিলেন অত্যন্ত ভাবগম্ভীর ও চিন্তিত। এ বছরের শুরুতে যে প্রাণচঞ্চল প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষা ৎ করেছিলাম, আজকের বৈঠকের সময় এর কিছুই ছিল না তাঁর মধ্যে। সরকারকে টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে তিনি স্পষ্টতই শঙ্কার মধ্যে রয়েছেন।’শেখ হাসিনা মার্কিন রাষ্ট্রদূতকে বলেন, দুই দিনব্যাপী বিদ্রোহের সময় তাঁর সবচেয়ে বড় অগ্রাধিকার ছিল বিদ্রোহীদের শান্ত করা ও অস্ত্র জমাদানের মাধ্যমে তাঁদের আত্মসমর্পণে রাজি করানো এবং যতটা সম্ভব রক্তপাত কমানো। তবে ২৬ ফেব্রুয়ারি রাতে বিদ্রোহীদের আত্মসমর্পণের আগ পর্যন্ত তিনি বুঝতে পারেননি, জওয়ানরা সেখানকার বেশির ভাগ সেনা কর্মকর্তাকে হত্যা করেছেন।শেখ হাসিনা এফবিআইয়ের গোয়েন্দাদের আবার বাংলাদেশে পাঠানোর অনুরোধ জানান। তিনি বলেন, প্রকৃত সত্য বের করতে এবং তদন্তের ওপর জনগণের আস্থা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের প্রয়োজন।রাষ্ট্রদূত মার্কিন সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন এবং ঘটনার স্বচ্ছ তদন্তের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বাইরের কারও এতে ইন্ধনের সংশ্লিষ্টতা এখন পর্যন্ত পাওয়া যায়নি।শেখ হাসিনার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত এদিন বাংলাদেশ ও বিশ্ব অর্থনীতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, মার্কিন প্রতিষ্ঠান এপিএলসহ বিদেশি জাহাজ কোম্পানিগুলোর বিষয়ে বাংলাদেশ দ্রুত সিদ্ধান্ত নিলে তা বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ দেশের উন্নয়নে সহায়ক হবে। শেখ হাসিনা বিষয়টি দেখার প্রতিশ্রুতি দেন। পরে এক একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী সেনাবাহিনী ও জনগণের মধ্যকার সম্পর্ক উন্নয়নের কৌশল নির্ধারণেও যুক্তরাষ্ট্রের সহায়তা চান।