২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে সংঘটিত বিডিআর (বর্তমানে নাম বদলে রাখা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি) বিদ্রোহের মামলায় সুষ্ঠু বিচারের মানদণ্ড লঙ্ঘিত হয়েছে। তাই বাংলাদেশ সরকারের উচিত হত্যা, যৌন নির্যাতন ও অন্যান্য নৃশংসতার দায়ে অভিযুক্ত ৮৪৭ জন জওয়ানের বিচার-প্রক্রিয়া নতুন করে শুরু করা। এই বিচারের রায় নিরপেক্ষভাবে পর্যালোচনা করতে বাংলাদেশ সরকারের উচিত একটি কমিশন গঠনের মাধ্যমে অধিকতর তদন্ত করে নিরপেক্ষ রায় নিশ্চিত করা। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে গতকাল মঙ্গলবার এ কথা বলা হয়।
বিবৃতিতে সংগঠনটির এশিয়াবিষয়ক পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, বড় একটি আদালতকক্ষে কয়েক শ ব্যক্তির একসঙ্গে বিচার করা হয়, যেখানে অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের আইনজীবী নিয়োগের সুবিধা খুব কমই পেয়েছেন। কেউ কেউ তা পাননি। এটি বিচার-প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক। বিদ্রোহের ঘটনায় হতাহতদের পরিবারগুলোর প্রতি সুবিচার নিশ্চিত করতে কর্তৃপক্ষের উচিত অবিলম্বে সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা।
হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে সুষ্ঠু বিচারের মানদণ্ড লঙ্ঘিত হওয়ার বিষয়গুলো সুস্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। এতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা নিরাপত্তা হেফাজতে থাকার সময় নির্যাতন ও অন্য অনেক ধরনের অবমাননার শিকার হয়েছেন। এ সময় স্বীকারোক্তি আদায় করতে গিয়ে তাঁদের অনেকের ওপর অকথ্য নির্যাতন করা হয়েছে। এতে অন্তত ৪৭ জন জওয়ান নিরাপত্তা হেফাজতে মারা যান। আটক অন্য জওয়ানদেরও আইনি সুবিধা দেওয়া হয়েছে খুবই কম। সংগঠনটি বিডিআর জওয়ানদের ওপর এমন নির্যাতনের তথ্যসংবলিত ৫৭ পৃষ্ঠার একটি প্রতিবেদন ২০১২ সালের জুলাইয়ে প্রকাশ করে। এর পরও বেশ কয়েকটি বিবৃতি দিয়েছে তারা।
বিবৃতিতে বলা হয়, ওই বিদ্রোহের অল্প কিছুদিন আগেই দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শেখ হাসিনা। বিদ্রোহ দমনে তিনি সমঝোতার আশ্রয় নেন। বিদ্রোহী জওয়ানরা আত্মসমর্পণের পর তাঁদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয় হাজারের বেশি জওয়ানকে গ্রেপ্তার করা হয়।