বিডিআর বিদ্রোহের সময় গুলিবিদ্ধ হেলিকপ্টার জব্দ করেছে সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের সময় গুলিবিদ্ধ হেলিকপ্টারটি মামলার আলামত হিসেবে জব্দ করেছে সিআইডি। এটি মেরামত করে এত দিন ধরে ব্যবহার করছে বিমানবাহিনী।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, চাঞ্চল্যকর মামলাগুলো তদন্তের জন্য গঠিত মনিটরিং সেলের সভায় সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন, বিডিআর বিদ্রোহের প্রথম দিন সকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার পিলখানার ওপর দিয়ে ওড়ার সময় জওয়ানরা সেটি লক্ষ্য করে গুলি করে। সিআইডি পুলিশ মামলার আলামত হিসেবে সেই কপ্টারটি জব্দ করেছে। ওই মামলার তিন হাজার ১৭০টি আলামতের মধ্যে কপ্টারটিও আছে বলে ওই কর্মকর্তা জানান। বিডিআর বিদ্রোহ নিয়ে সেনা তদন্ত আদালতের প্রতিবেদনে বলা হয়, ‘২৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে আনুমানিক ১১.১৫ ঘটিকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এমআই-১৮ হেলিকপ্টারের মাধ্যমে বিদ্রোহী বিডিআর সদস্যদের আত্মসমর্পণের জন্য সরকারের তরফ থেকে একটি লিফলেট ছাড়া হয়।’সাবেক সচিব আনিস উজ জামানের কমিটির প্রতিবেদনে বলা হয়, ‘বিমানবাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে পিলখানা এলাকায় বিদ্রোহীদের প্রতি অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে সরকারের পক্ষ থেকে লিফলেট ছাড়া হয়। এ সময় হেলিকপ্টার লক্ষ্য করে প্রচণ্ড গোলাগুলি শুরু হলে ছয়টি গুলি লাগে, যা ছিল অত্যন্ত বিপজ্জনক। বিদ্রোহের এ প্রাথমিক ও অনিশ্চিত পর্যায়ে লিফলেট বিলির জন্য এমন ঝুঁকিপূর্ণ মিশন পাঠানো কতটুকু কার্যকর ছিল তা বিবেচনার দাবি রাখে।’বিমানবাহিনীর সূত্র জানায়, গুলিবিদ্ধ হওয়ার পরে হেলিকপ্টারটি মেরামত করে ব্যবহার শুরু করে তারা। একটি কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তা মেরামত করা হয়। এ-সংক্রান্ত কাগজপত্র সিআইডিকে দেওয়া হয়েছে বলে জানা গেছে।