বিডিআর সদর দপ্তর ঢাকার বাইরে নেওয়ার পরিকল্পনা আপাতত নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর ঢাকার বাইরে নেওয়ার পরিকল্পনা আপাতত সরকারের নেই। জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। যানজট নিরসনে বিডিআর সদর দপ্তর ঢাকার বাইরে নেওয়া হবে কি না, শাহরিয়ার আলমের এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের প্রতিটি থানায় একজন করে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের পরিকল্পনা সরকারের রয়েছে। ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকার কলেজগেট-সংলগ্ন মিরপুরমুখী প্রধান সড়কের পাশে হানিফ এন্টারপ্রাইজসহ বিভিন্ন পরিবহনের আন্তজেলা বাস কাউন্টার অন্য জায়গায় সরানোর বিষয়ে ডিসি ট্রাফিক পশ্চিমকে নির্দেশ দেওয়া হয়েছে।হাফিজ উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে সাহারা খাতুন জানান, বাংলাদেশ পুলিশ বাহিনীতে বিভিন্ন পদে এক লাখ ৩৯ হাজার ৪৭০ জন সদস্য আছেন। ভারতে প্রতি ৭২৮ জনের বিপরীতে একজন, পাকিস্তানে প্রতি ৬২৫ জনের বিপরীতে একজন, মালয়েশিয়ায় প্রতি ২৪৯ জনের বিপরীতে একজন এবং বাংলাদেশে প্রতি এক হাজার ৭৫ জনের বিপরীতে একজন পুলিশসদস্য রয়েছেন। ভারতের অনুপাতে ব্যবস্থা করতে হলে আরও ৬৬ হাজার ৫৭৪ পুলিশসদস্য নিয়োগ দিতে হবে। সাধনা হালদারের প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকা মহানগর এলাকায় নাগরিকদের ১০০ নম্বরে ডায়াল করলেই পুলিশসেবা পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। শাহিন মনোয়ারা হকের প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে বর্তমানে ১২টি কেন্দ্রীয় কারাগার এবং ৫৫টি জেলা কারাগার রয়েছে। এসব কারাগারের ধারণক্ষমতা ২৯ হাজার ২৪০ জন।শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানান, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগার বা সংশোধনাগারে দুই হাজার ৬৪৮ জন এবং নয়াদিল্লিতে ৩১৩ জন বাংলাদেশি আটক আছে। সরকার আটক নাগরিকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।বেনজির আহমদের প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার জানান, তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির জনসংখ্যা ১৩ লাখ ৩১ হাজার ৩২৪ জন। এর মধ্যে মুসলমান পাঁচ লাখ ৬২ হাজার ৯৪৭ জন, বৌদ্ধ ধর্মাবলম্বী পাঁচ লাখ ৯৫ হাজার ৩৭৬, হিন্দু এক লাখ ২৪ হাজার ৯১, খ্রিষ্টান ৩১ হাজার ৭২ জন এবং অন্যান্য ধর্মের রয়েছে আট হাজার ১৩৮ জন। এ তিন জেলায় ৯০৭টি মসজিদ, ৮১১টি মন্দির, ৩৭৫টি গির্জা এবং ৫২৬টি প্যাগোডা বা বৌদ্ধবিহার রয়েছে।আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আবদুল করিম খন্দকার জানান, ভোলা জেলার মনপুরায় ‘বঙ্গবন্ধু চিন্তানিবাস’ শীর্ষক প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।