বিডিআর সদস্যসহ সাত জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল সোমবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিডিআরের সদস্যসহ তিনজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামের আনোয়ারা, পাবনার ঈশ্বরদী, জয়পুরহাটের আক্কেলপুর, মৌলভীবাজারের কমলগঞ্জ, যশোর ও ঝিনাইদহে গত দুই দিনে আটজন নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:চৌদ্দগ্রাম (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের পদুয়া এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত ও ২২ জন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন বাসযাত্রী ৪১ রাইফেল ব্যাটালিয়নের সদস্য গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতৈল গ্রামের মো. শহিদ মিয়া (৪৫), বাসের চালক গোপালগঞ্জের কাঠি গ্রামের আবু সাঈদ (৩৪) ও তাঁর সহকারী বাগেরহাটের ছোট পাইকপাড়ার জুয়েল (২৪)। আহত ব্যক্তিদের মধ্যে বাসযাত্রী বাগেরহাটের মোরেলগঞ্জের মিজর গ্রামের বাচ্চু মিয়া, লক্ষ্মীপুরের রামগঞ্জের নারায়ণপুর গ্রামের মাছুম, শরণখোলার ছোটনপাড়া গ্রামের রমিজা খাতুন, বরগুনার বেলায়েত, ট্রাকের চালকসহ কয়েকজনকে ঢাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।আনোয়ারা (চট্টগ্রাম): উপজেলার পিএবি সড়কের শোলকাটায় গতকাল সকালে ট্রাকের চাপায় সাগর আলী (৮) নামের এক শিশু নিহত হয়েছে। সে তৈলারদ্বীপ এলাকার মৃত আবু সৈয়দের ছেলে।ঈশ্বরদী (পাবনা): উপজেলার ভেলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল শুভ (৯) নামের ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। বিদ্যালয়ের সামনের রাস্তায় চারটি গতিরোধক নির্মাণের দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা গতকাল বেলা ১১টা থেকে এক ঘণ্টার জন্য সড়ক অবরোধ করে রাখে।আক্কেলপুর (জয়পুরহাট): উপজেলার আক্কেলপুর-গোপীনাথপুর সড়কের সোনামুখী এলাকায় গত রোববার মোটরসাইকেলের ধাক্কায় মোজেছা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হন। তাঁর বাড়ি পৌর সদরের মুকিমপুর মহল্লায়।কমলগঞ্জ (মৌলভীবাজার): উপজেলার পাত্রখোলা এলাকার নতুন ধলাই সেতুর ওপর থেকে গত রোববার একটি মোটরসাইকেল নদীতে পড়ে যায়। এতে মোটরসাইকেলের আরোহী মিন্টু সিংহ (৩৬) নিহত হন।মনিরামপুর (যশোর): যশোর-রাজগঞ্জ সড়কের মনিরামপুর উপজেলার পলাশী কলেজের পাশের হরিহর নদের সেতুর ওপর থেকে গতকাল সোমবার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে বাসযাত্রী উপজেলার রুহিতা গ্রামের আবদুল আলীমের স্ত্রী পিয়ারী বেগম (২৫), সাহাপাড়া গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী আমেনা বেগম (৫০) ও শাওন (৭) নামের এক শিশু নিহত হন। এ দুর্ঘটনায় আরও ৪০ জন আহত হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঝিনাইদহ: ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি দশনম্বর নামক স্থানে গতকাল যাত্রীবাহী একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী মাগুরা সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র ও কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক (২১) নিহত এবং তাঁর খালা রওশন আরা (৩২) ও খালাতো ভাই নাইম (৫) আহত হন। রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নিহত একআমাদের নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, আড়ানী বড়াল নদের পশ্চিম পাশে আড়ানী-পুঠিয়া সড়কের রেলক্রসিংয়ে গতকাল সোমবার ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম সজল হালদার (২২)। তিনি বাঘা উপজেলার চকসিংগা গ্রামের জয়দেব হালদারের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে মোটরসাইকেল নিয়ে সজল তাঁর বাড়ি থেকে পুঠিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন সিল্কসিটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সজল নিহত হন।