বিডিআর সপ্তাহ শুরু আজ, পিলখানায় দরবার সকালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের এক বছর পর আজ বুধবার পিলখানায় বিডিআরের বার্ষিক দরবার শুরু হচ্ছে। ‘রাইফেলস সপ্তাহ-২০১০’ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় এই বিশেষ দরবার হবে। এতে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম বক্তব্য দেবেন। বিডিআর সূত্র জানায়, এই বিশেষ দরবারে বাংলাদেশ রাইফেলসের সব কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত থাকবেন। দরবারে ২০০৯ সালে বাংলাদেশ রাইফেলসের বিভিন্ন কর্মকাণ্ডে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন শ্রেণীতে নির্বাচিতদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।গত বছর ২৪ ডিসেম্বর থেকে বিডিআর সপ্তাহ শুরু হয়েছিল। বিডিআর সপ্তাহ চলাকালেই ২৫ ও ২৬ ফেব্রুয়ারি জওয়ানেরা বিদ্রোহ করেন। এতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। এবার দরবার হলের বদলে পাশে একটি জায়গায় দরবার অনুষ্ঠিত হচ্ছে।বিডিআর কর্মকর্তারা জানান, এবার বিডিআর সপ্তাহ হচ্ছে খুব সংক্ষিপ্ত আকারে। প্রধানমন্ত্রীর ভাষণ, টাট্টু শো—কোনো কিছুই থাকছে না। এক দিনের মধ্যেই সব কর্মসূচি সাজানো হয়েছে। দিনের কর্মসূচির মধ্যে থাকবে দরবারে পুরস্কার বিতরণ, সৈনিকদের সব মেসে প্রীতিভোজ ও বিকেলে মিলাদ মাহফিল। সারা দেশের সব বিডিআর স্থাপনায় একসঙ্গে এ কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে।