বিডিআর হত্যাকাণ্ডের বিচার দ্রুত শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার দ্রুতই শুরু হবে। বিডিআরের নিজস্ব আইনে বিদ্রোহের বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। হত্যাকাণ্ডের বিচারের তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়ার কাজও চলছে। শিগগিরই তা দেওয়া হবে। এর পরই বিচার দ্রুত শুরু হবে। বিদ্রোহের এক বছর পূর্তিতে গতকাল বৃহস্পতিবার পিলখানায় বিডিআর সদর দপ্তরে মিলাদ মাহফিলের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। গতকাল দুপুরে পিলখানায় বিডিআর সদর দপ্তরে কেন্দ্রীয় মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পিলখানায় কর্মরত বিডিআরের জওয়ান ছাড়াও সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।বিডিআরের মহাপরিচালক জানান, পিলখানায় নিহতদের পরিবারকে ইতিমধ্যে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। কাউকে চাকরিও দেওয়া হয়েছে।