বিডিআরের ওপর চোরাকারবারিদের হামলা, আহত ১০
বিডিআর সদস্যরা গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশনে ঢাকাগামী একটি ট্রেনে অভিযান চালিয়ে ভারতীয় ভোগ্যপণ্য আটক করেছে। এই পণ্য আটকের পর বিডিআরের ওপর সংঘবদ্ধ হামলা চালিয়েছে চোরাকারবারি চক্র। এতে বিডিআরের একজন সদস্যসহ ১০ ব্যক্তি আহত হয়েছেন। বিডিআর ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনটি গতকাল দুপুর ১২টার দিকে আখাউড়া স্টেশনে পৌঁছে। ট্রেনটি স্টেশন ছাড়ার পরপরই ১ রাইফেল ব্যাটালিয়নের সদস্যরা এটিতে অভিযান চালান। এ সময় ট্রেন থেকে সাত-আট বস্তা ভারতীয় ভোগ্যপণ্য আটক করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে পৌঁছার পর চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে বিডিআরের ওপর হামলা চালায়। চোরাচালানিদের ছোড়া ইটপাটকেলে ট্রেনটির দরজা-জানালার কাচ ভেঙে যায়। পরে বিডিআর সদস্যরা স্টেশনের প্লাটফরমে লাঠিপেটা শুরু করেন। লাঠিপেটা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আহত বিডিআরের নায়েক সুবেদার আবদুল গফুর (৫৫) ও স্থানীয় দৈনিক আজকের হালচাল-এর আলোকচিত্রী মীর শাহীনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।