দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী চুড়িপট্টি মোড়ে গতকাল শনিবার চোরাই পণ্য জব্দ করা নিয়ে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যদের ওপর চোরাকারবারিরা চড়াও হয়। এ সময় তারা জব্দকৃত ৫০ হাজার টাকার ভারতীয় জিরা ও সাদা এলাচ ছিনিয়ে নেয়। এ ঘটনায় চোরাকারবারি সন্দেহে আজাদ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।জয়পুরহাট-৩ রাইফেল ব্যাটালিয়নের মেজর সৈয়দ সেলিম এরশাদ জানান, হিলি বিওপি ক্যাম্পে আসার পথে বাজার রাস্তায় কয়েকজন চোরাকারবারিকে ধাওয়া করে ভারতীয় জিরা, সাদা এলাচ ও ওষুধ জব্দ করা হয়। মালামাল গাড়িতে নিয়ে চুড়িপট্টি মোড়ে এলে সেখানেও চোরাকারবারিরা মাথায় জিরার বস্তা নিয়ে একটি দোকানে মজুদ করছে দেখে বিডিআরের দুজন সদস্য এগিয়ে যান। এ সময় প্রায় ৩০ জনের সংঘবদ্ধ একটি চোরাকারবারি দল বিডিআরের দুই সদস্যকে ঘিরে ফেলে। ঘটনা বেগতিক দেখে তিনি সেখানে গেলে তাঁকে তারা ধাক্কা দেয় ও দুর্ব্যবহার করে। চোরাকারবারিরা এ সময় জব্দ করা প্রায় ৫০ হাজার টাকার জিরা ও সাদা এলাচ গাড়ি থেকে ছিনিয়ে নেয়। পরে আরও কয়েকজন বিডিআর সদস্য ঘটনাস্থলে হাজির হলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে এক ব্যক্তিকে আটক করা হয়।ইউএনও মো. তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘চুড়িপট্টি মোড়ের দোকানটি সিলগালা করে স্থানীয় পৌর মেয়রের জিম্মায় দেওয়া হয়েছে।’