বিডিআরের দুই সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বিডিআর সদস্যকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। গত সোমবার সন্ধ্যায় ওই দুই বিডিআর সদস্য ও বেসামরিক এক বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফের সদস্যরা। গত সোমবার দিবাগত রাতে বিডিআর ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর বিডিআরের দুই সদস্যকে ফেরত দেওয়া হয়। তবে বেসামরিক নাগরিকের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি। এদিকে অনুপ্রবেশের দায়ে গত সোমবার রাতে গয়েশপুর সীমান্ত থেকে বজলুর রহমান (৩০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিডিআর। তাঁকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। বিডিআর ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সোমবার ১২টায় চুয়াডাঙ্গার দর্শনার বিপরীতে ভারতের গেদে ক্যাম্পে বিডিআর ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আহসান আহমেদ ও বিএসএফের ১২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মি. মুখার্জি নেতৃত্ব দেন। রাত একটায় বৈঠক শেষে দুই বিডিআর সদস্যকে ফেরত দেওয়া হয়। ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক বিডিআর সদস্যদের আটক ও ছাড়া পাওয়ার সত্যতা নিশ্চিত করলেও আটক বাংলাদেশি নাগরিক সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি।