বিডিআরের নতুন আইন মন্ত্রিসভার বৈঠকে যাচ্ছে
বিডিআরের প্রস্তাবিত নতুন আইনের খসড়াটি এখন মতামতসহ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। গতকাল সোমবার আন্তমন্ত্রণালয়ের বৈঠকে খসড়া আইন পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকের ব্যাপারে জানতে চাইলে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের পরই খসড়াটি চূড়ান্ত রূপ পাবে। এরপর আইনগত দিক পর্যালোচনা করবে আইন মন্ত্রণালয়।বিডিআরের প্রস্তাবিত আইনে নিজের বাহিনী ও সশস্ত্র বাহিনীতে বিদ্রোহের উসকানি দিলেও মৃত্যুদণ্ড দেওয়ার বিধান আছে। পাশাপাশি সীমান্ত এলাকার ভ্রাম্যমাণ আদালতকেও দুই বছরের সাজা দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। প্রস্তাবিত আইনে অপরাধসংক্রান্ত ৩০টি ধারাসহ মোট ১৬টি অধ্যায় ও ১৪৬টি ধারার প্রস্তাব করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, যুদ্ধের সময় অপরাধ করলে সাজা দ্বিগুণ হবে। বাহিনীতে বিচারের জন্য তিন ধরনের আদালত থাকার প্রস্তাব আছে।বিডিআরের সূত্র জানিয়েছে, বিডিআর বাহিনীতে পুনর্গঠনের পর্যায়ে বর্তমানে প্রচলিত বাংলাদেশ রাইফেলস অর্ডার ১৯৭২ ও বাংলাদেশ রাইফেলস (স্পেশাল প্রভিশন) অর্ডিন্যান্স ১৯৭৬ বিলুপ্ত করার প্রস্তাব রেখে নতুন আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে। এই আইন বাংলাদেশ রাইফেলসের বদলে প্রস্তাবিত নতুন নাম ‘বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০০৯’ নামে অভিহিত হবে। যদিও এখন পর্যন্ত প্রস্তাবিত নাম কার্যকর হয়নি।