বিডিআরের ৬৬৭ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিডিআর বিদ্রোহের মামলায় ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৭ জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। গতকাল রোববার তাঁদের পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৫-এ হাজির করা হয়।ব্যাটালিয়নের অধিনায়ক কৌঁসুলি লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান আসামিদের বিরুদ্ধে বিদ্রোহে অংশগ্রহণ ও সহায়তার অভিযোগ আদালতকে পড়ে শোনান। তিনি আসামিদের বিরুদ্ধে মহাপরিচালকের নির্দেশ অমান্য করে ও বিদ্রোহ দমনে ভূমিকা পালন না করে দরবার হল ত্যাগ, অস্ত্রভান্ডার লুট, ঊর্ধ্বতন কর্মকর্তাদের লাঞ্ছিত করা, বৈঠক করে অন্যদের উসকে দেওয়া, সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দেওয়া, সৈনিক লাইনের সামনে গিয়ে মাইক নিয়ে হুমকি দিয়ে নিরীহ সৈনিকদের বিদ্রোহে অংশ নিতে বাধ্য করা, অস্ত্র-গুলি ও মূল্যবান সামগ্রী লুট, গুলি করা, গাড়িতে মাইক লাগিয়ে সৈনিকদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেওয়া, কর্তৃপক্ষকে বিদ্রোহের আগাম তথ্য না দেওয়া, বিচারের সময় আদালতকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা, কর্তব্য পালনে অবহেলা, গাড়িতে অগ্নিসংযোগে সহায়তাসহ নানা অভিযোগ আনা হয়।আদালতে গতকাল বিকেল পর্যন্ত ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শুনিয়েছেন। আজ সোমবার অন্যদের অভিযোগ পড়ে শোনানো হবে। শুনানি শেষ হওয়ার পর আদালত অভিযোগ গঠনবিষয়ক আদেশ দেবেন।ব্যাটালিয়নের সুবেদার মতিউর রহমান ৬৬৮ জনকে আসামি করে এই মামলাটি করেন। ৩১ মার্চ মামলাটির বিচারকাজ শুরু হয়। এর মধ্যে ১৪ মে আসামি জয়নাল আবেদীন ভূঁইয়া হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান।ঢাকা কেন্দ্রীয় ও কাশিমপুর কারাগারে বন্দী বাকি ৬৬৭ জনকে গতকাল সকাল ১০টায় বিডিআর দরবার হলের বিশেষ আদালতে হাজির করা হয়। আদালতের আদেশ অনুযায়ী অভিযোগ গঠন শুরুর কমপক্ষে ২৭ দিন আগে প্রত্যেক অভিযুক্তকে তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগসংবলিত সাক্ষীদের বক্তব্যের সারসংক্ষেপ দেওয়া হয়েছে। তাঁদের পছন্দমতো বেসামরিক আইনজীবী ও ‘ফ্রেন্ড অব দ্য একিউজড’ মনোনীত করতে পারবেন। বিডিআর আইন অনুযায়ী, আদালতে আসামিরা একজন আইনজীবী নিজ খরচে নিয়োগ দিতে পারবেন, যিনি পরামর্শ দিতে পারবেন কিন্তু সাক্ষীকে জেরা করতে পারবেন না। সাক্ষীদের জেরা একমাত্র আসামিই করতে পারবেন। এ ছাড়া যেকোনো আসামি বিডিআরের একজন কর্মকর্তাকে ‘ফ্রেন্ড অব একিউজড’ হিসেবে নির্বাচিত করতে পারবেন। তাঁর কাছে আইনি পরামর্শ নেওয়া যাবে।আসামিদের মধ্যে ৭৪ জন ফ্রেন্ড অব দ্য একিউজড হিসেবে দুজন কর্মকর্তাকে নিতে চেয়েছেন। নয়জন বেসামরিক আইনজীবী নিয়োগ করেছেন। আর বাকিরা এ বিষয়ে কোনো মত দেননি। গতকাল দুই ফ্রেন্ড অব দ্য একিউজড ও সাত আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।আসামিদের মধ্যে ১৪ জনকে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় আদালতে হাজির করা হয়। বিডিআরের কর্মকর্তারা জানান, তাঁদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তাঁদের মধ্যে ২৪ রাইফেলস ব্যাটালিয়নের সবচেয়ে বয়স্ক সদস্য ও মামলার এক নম্বর আসামি গোফরান মল্লিকও রয়েছেন।বেলা ১১টায় বিডিআরের নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের সভাপতিত্বে আদালতের কার্যক্রম শুরু হয়। মাঝে দুই দফায় সোয়া এক ঘণ্টা বিরতির পর বিকেল সোয়া চারটার দিকে আদালত মুলতবি ঘোষণা করা হয়। আদালতের সভাপতি হিসেবে নতুন মহাপরিচালককে শপথবাক্য পাঠ করান অ্যাটর্নি জেনারেলের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী।