বিডিনিউজে সন্ত্রাসী হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার
অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর মহাখালী ও টঙ্গী থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন, জাহিদুল ইসলাম (১৯), মীর হোসেন (২৬) ও ইলিয়াছ মাস্টার (২৬)। তাঁদের বিকেল পাঁচটার দিকে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয়।সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সমাজসেবা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে জাহিদুলই ঘটনার মূল হোতা। তাঁকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটেছে। বাকি দুজন সহযোগী। তাঁরা ছাড়াও আরও বেশ কয়েকজন ওই হামলার ঘটনায় সংশ্লিষ্ট। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।জাহিদুল দাবি করেন, সোমবার রাতে মহাখালীর সড়কে সাইকেল চালাচ্ছিলেন তিনি। যানজট থাকায় একপর্যায়ে ফুটপাত দিয়েই যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর তিনি দেখেন, একটি ভবনের সামনে কয়েকজন মালামাল নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি মালামাল সরিয়ে জায়গা করে দিতে বলেন। এ সময় এক ব্যক্তি ফুটপাত দিয়ে সাইকেল চালানোর কারণ জানতে চাইলে তাঁর সঙ্গে বাগিবতণ্ডা হয়। তাঁকে ওই ব্যক্তি চড় মারেন। এরপর জাহিদুল ফোনে ইমরান নামের এক বড় ভাইকে খবর দেন। ইমরান আসামাত্রই তিনি (জাহিদুল) ওই ব্যক্তিকে পাল্টা চড় দেন। এ সময় আরও কয়েকজন লোক তাঁকে ধরে ওই ভবনের ভেতর ঢুকিয়ে ফেলেন। ইমরান পালিয়ে যান। পরে ইমরান এলাকার ইয়াকুব ও সাদ্দাম নামের দুই যুবককে নিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদুল প্রথমে বলেন, ডেকে আনা যুবকেরা এলাকার বড় ভাই, যুবলীগের স্থানীয় কার্যালয় থেকে এসেছিলেন। আর তিনি নিজে বিএনপির বিভিন্ন ‘প্রোগ্রামে’ যান। পরে জাহিদুল আবার বলেন, তিনি ও ওই যুবকেরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন।জাহিদুল দাবি করেন, তাঁরা কাউকে ছুরিকাঘাত করেননি। তিনি মহাখালীর তিতুমীর কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র, বাসা মহাখালীতে। গ্রেপ্তার হওয়া আরেক যুবক মীর হোসেন দাবি করেন, ঘটনায় তিনি জড়িত নন। গ্রেপ্তার হওয়া বাকি দুজনকেও চেনেন না। তিনি টঙ্গীতে থাকেন। পরে এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, তাঁর জন্ম মহাখালীতে। জাহিদুল তাঁর প্রতিবেশী। আর গ্রেপ্তার হওয়া ইলিয়াছ দাবি করেন, সোমবার রাতে তিনি ফেনসিডিল কিনতে গিয়েছিলেন, তখন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।এই তিনজনকে হামলাকারী হিসেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মীরাও শনাক্ত করেছেন। গত সোমবার রাতে একদল সন্ত্রাসী মহাখালীতে বিডিনিউজ কার্যালয়ের নিচতলায় ঢুকে দুই সাংবাদিকসহ তিনজনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ ঘটনায় গতকাল সকালে বনানী থানায় মামলা হয়।