বিডিনিউজে হামলার কথা স্বীকার করে একজনের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিকসহ কর্মীদের ওপর হামলার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এ মামলার আসামি জাহিদুল ইসলাম ওরফে সৌরভ। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি জবানবন্দি দেন।মহানগর হাকিম কেশব রায় চৌধুরী তাঁর খাসকামরায় জাহিদুলের জবানবন্দি লিপিবদ্ধ করেন। জবানবন্দি গ্রহণ শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করা হলে জাহিদুল স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জবানবন্দি নেন।জাহিদুল জবানবন্দিতে বলেন, তিনি বাইসাইকেল নিয়ে যাচ্ছিলেন। বিডিনিউজের কার্যালয়ের নিচে ফুটপাতে চেয়ার রাখা ছিল। তিনি তা সরাতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে এলাকার বড় ভাই ইমরান ও জাহিদকে ডেকে আনেন তিনি। তাঁরা এসে মারধরের কারণ জানতে চান। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ইমরান চায়ের দোকান থেকে ছুরি এনে মারতে থাকেন। তাঁকে বিডিনিউজের তিনতলায় আটক করে মারধর করা হয়। একপর্যায়ে তিনি ছুটে বেরিয়ে আসেন।গত ২৮ মে রাতে মহাখালীর আমতলীতে বিডিনিউজের কার্যালয়ে ঢুকে দুই সাংবাদিকসহ তিনজনকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পরদিন জাহিদুলসহ তিনজনকে মহাখালী ও টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়।