বিডিনিউজে হামলার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজে সন্ত্রাসী হামলার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন, ইমরান মোল্লা (২০) ও ইয়াকুব আলী (২২)। গত বুধবার রাতে ঢাকার সাভার থেকে তাঁদের গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা পাঁচজন।ইমরান ও ইয়াকুবকে গতকাল বৃহস্পতিবার সকালে র‌্যাব-১-এর কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে আনা হয়। সেখানে তাঁরা সাংবাদিকদের সামনে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন।গত ২৮ মে রাতে মহাখালীর আমতলীতে বিডিনিউজ কার্যালয়ের নিচতলায় সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় তাঁদের ছুরিকাঘাতে সাংবাদিকসহ তিনজন আহত হন।বিডিনিউজের কার্যালয় পরিবর্তন করার জন্য নিচে মালামাল রাখা ছিল। এ সময় বিডিনিউজের কর্মীদের সঙ্গে জাহিদুল ইসলাম নামের এক যুবকের বাগিবতণ্ডা হয় এবং জাহিদুলকে সেখানে আটকে রাখা হয়। পরে জাহিদুল ফোন করলে কয়েকজন যুবক সেখানে হামলা চালায়। ইমরান সাংবাদিকদের বলেন, ওই দিন জাহিদুলের ফোন পেয়ে তিনি একটি চায়ের দোকান থেকে ছুরি নিয়ে ছুটে যান। এরপর কয়েকজনকে ছুরিকাহত করে জাহিদুলকে ছাড়িয়ে আনেন।ইয়াকুব বলেন, তিনি ইমরানের সঙ্গে গিয়ে কয়েকজনকে মারধর করেন। তাঁরা ছাড়া আরও বেশ কয়েকজন ঘটনায় জড়িত বলে তিনি স্বীকার করেন।র‌্যাব-১-এর অধিনায়ক রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ইমরান ও ইয়াকুব বখাটে ও মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার অভিযোগে জেল খেটে ইমরান সম্প্রতি ছাড়া পেয়েছেন। এ হামলার ঘটনায় এর আগে পুলিশ জাহিদুল, মীর হোসেন ও ইলিয়াস মাস্টার নামের তিন যুবককে গ্রেপ্তার করে। পরদিন তাঁদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়।