বিডিবিএলের আটজনকে দুদকে জিজ্ঞাসাবাদ
বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আনন্দ শিপইয়ার্ডের প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানের অংশ হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) মহাব্যবস্থাপকসহ (জিএম) আটজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার সকাল থেকে দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন।
গত ২৮ জানুয়ারি তাঁদের তলব করে নোটিশ পাঠানো হয়।
যাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাঁরা হলেন ব্যাংকটির প্রধান শাখার জিএম নুরুর রহমান কাদরী, ফরিদপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) মো. ইউনুস আলী, প্রধান শাখার এসপিও মো. ইমামুর রশিদ, মতিঝিল শাখার এসপিও দীনেশ চন্দ্র সাহা, প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এসএমই) এস এম সিরাজুল ইসলাম, প্রধান কার্যালয়ের সাবেক এসপিও (ইন্টারন্যাশনাল ব্যাংকিং) মো. নজরুল ইসলাম, চট্টগ্রামের আগ্রাবাদ শাখার উপমহাব্যবস্থাপক তপন কুমার রায় ও ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকিং শাখার সাবেক পরামর্শক মাহে আলম।
দুদক সূত্রে জানা গেছে, আনন্দ শিপইয়ার্ড বিডিবিএল থেকে ৯০ কোটি টাকা ঋণ নেয়। এ ঋণের বিষয়ে বক্তব্য জানতে ব্যাংকটির এসব কর্মকর্তাকে তলব করা হয়েছে।
সূত্রটি জানায়, জাহাজ রপ্তানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জাহাজ নির্মাণের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এসব ঋণ দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এসব জাল জালিয়াতির তথ্য বেরিয়ে আসে।
এ বিষয়ে অভিযোগ আমলে নিয়ে ২০১৪ সালের এপ্রিল মাসে অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটির উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল বিষয়টির অনুসন্ধান করছে।