বিতরণের আগেই নতুন বই চপ-পেঁয়াজুর দোকানে
মাধ্যমিক স্তরের নতুন পাঠ্যসূচির বই বিতরণের আগেই রাজবাড়ীর গোয়ালন্দ বাজারের চপ-পেঁয়াজুর দোকানে ঠোঙা হিসেবে ব্যবহার করতে দেখা গেছে।
গোয়ালন্দ শহরের কাপড় বাজারের মাথায় শান্তি লালের দোকানে গত রোববার সন্ধ্যায় স্থানীয় কলেজপড়ুয়া দুই তরুণ চপ-পেঁয়াজু খেতে যান। এ সময় তাঁরা বইয়ের পাতা ছিঁড়ে চপ-পেঁয়াজু বিক্রি করতে দেখে খোঁজ নেন। তাঁরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকার লোগোসংবলিত ২০১৪ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি নামের কয়েকটি বই দেখতে পান। পরে তাঁরা কৌশলে দুটি বই উদ্ধার করে এ প্রতিনিধির কাছে একটি হস্তান্তর করেন।
এ বিষয়ে শান্তি লাল বলেন, ‘আমি অশিক্ষিত মানুষ। প্রতিদিন বাজারের ডালের দোকান থেকে এক-দুই কেজি করে কাগজ (বই) কিনে চপ-পেঁয়াজু বিক্রি করি। নতুন বইয়ের বিষয়ে আমি কিছুই বলতে পারব না।’ পরে ডালবাজারের কয়েকজন বিক্রেতার কাছে এ বিষয়ে খোঁজ নিলেও তাঁরা কেউই ঘটনার সত্যতা স্বীকার করেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন মিয়া গতকাল বৃহস্পতিবার জানান, চলতি বছর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসাগুলোর জন্য বরাদ্দ পাওয়া প্রায় ১ লাখ ১৩ হাজার বই বিতরণ করা হয়েছে। এসব বই ১ জানুয়ারি বই উৎসবের দিন ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণের কথা। কিন্তু সপ্তম শ্রেণীর ওই ব্যাকরণ বইটি কীভাবে বাজারের চপ-পেঁয়াজুর দোকানে গেল, সেটি ভাবনার বিষয়। তার পরও বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।